জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান জন্মদিনে প্রকাশ করেছেন নিজের গাওয়া শেষ গান ‘প্রাকৃতিক’। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় গানটি প্রকাশিত হয় পোরসেলিনা সিরামিকসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, পাশাপাশি তাহসানের নিজস্ব ইউটিউব চ্যানেলেও। গানটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
২০০৩ সালে ব্ল্যাক ব্যান্ডের ‘উৎসবের পর’ অ্যালবামে প্রথম প্রকাশিত হয়েছিল ‘প্রাকৃতিক’। তখন গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন জন কবির। দুই দশক পর একই কথা ও সুর রেখে গানটির নতুন সংগীতায়োজন করেছেন তাহসান।
তিন সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে তাহসান জানিয়েছিলেন, “তিনটা গান বানানো আছে, কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গান হিসেবে ‘প্রাকৃতিক’ই প্রকাশ করব।”
তাহসানের ওই বক্তব্যের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়—তাহলে কি তিনি সত্যিই সংগীতকে বিদায় জানাচ্ছেন? শনিবার সেই জল্পনাই সত্যি হলো। নিজের প্রতিশ্রুতি অনুযায়ী ‘প্রাকৃতিক’ গান প্রকাশের মাধ্যমে সংগীতজীবনের শেষ অধ্যায় টেনে দিলেন তিনি।
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের ভক্তরা আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই লিখেছেন, “তাহসানের সংগীতযাত্রা আমাদের জীবনের অংশ হয়ে ছিল, ‘প্রাকৃতিক’ সেই যাত্রার পরিণতি।”
২০০০ সালের শুরুর দিকে ব্ল্যাক ব্যান্ডের হয়ে সংগীতজগতে পথচলা শুরু করেন তাহসান। পরবর্তীতে একক শিল্পী হিসেবে ‘আলো’, ‘বৃথা’, ‘অবশেষে’, ‘চলো না বেড়িয়ে আসি’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
তাহসানের জন্ম ১৯৭৯ সালের ১৮ অক্টোবর। জন্মদিনে সংগীতজীবনের সমাপ্তি টানার ঘোষণায় ভক্তরা যেমন আবেগাপ্লুত, তেমনি শিল্পীজগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে “এক যুগের সমাপ্তি” হিসেবে দেখছেন।
সংগীতের পাশাপাশি তাহসান এখন অভিনয়, উপস্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ভক্তরা আশা করছেন, গান না গাইলেও তিনি অন্য শিল্পমাধ্যমে যুক্ত থাকবেন আগের মতোই।




