চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার পর আগের মাশুল বহাল রেখে যানবাহন চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্দর সচিব ওমর ফারুক জানান, শুধুমাত্র পরিবহনের বর্ধিত মাশুল স্থগিত থাকবে। পুরোনো মাশুলেই যানবাহন বন্দরে প্রবেশ করতে পারবে। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়। এর প্রতিবাদে শনিবার থেকে ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিক-শ্রমিকরা।
কর্মবিরতির ফলে বন্দর কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। শনি ও রবিবারে রপ্তানি পণ্যবোঝাই না করেই ৬টি জাহাজ বন্দর ছেড়ে যায়। এতে প্রায় এক হাজার একক কনটেইনার পণ্য রপ্তানি বিলম্বিত হয়।
বন্দর অচলাবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করে পোর্ট ইউজার্স ফোরাম সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দেয় দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার জন্য।
বর্ধিত মাশুল প্রত্যাহারের সিদ্ধান্তে বন্দর কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




