বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্যে জয় পেয়েছে বাংলাদেশ। তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের বিধ্বংসী বোলিংয়ে ক্যারিবীয়দের ৭৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩৯ ওভার টিকতে পেরেই ১৩৩ রানে গুটিয়ে যায়। রিশাদ একাই শিকার করেন ছয়টি উইকেট।

ম্যাচের শুরুটা একেবারেই ভালো হয়নি টাইগারদের। দলীয় মাত্র ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ফিরলে বিপাকে পড়ে স্বাগতিকরা। সাইফ ৬ বলে ৩ ও সৌম্য ৪ রানে আউট হন।

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা গড়েন ৭১ রানের জুটি। ৬৩ বলে ৩২ রান করে শান্ত আউট হলেও অন্যপ্রান্তে ধীরে ধীরে ইনিংস গড়েন হৃদয়।

অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ৭৫ বলে ৩৬ রানের জুটি গড়ে দলীয় স্কোর তিন অঙ্কে তোলেন হৃদয়। ১১তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেও ৫১ রানে গ্রেভসের বলে ক্যাচ দেন তিনি।

এরপর মাহিদুল ও মিরাজের জুটিতে রান বাড়াতে থাকে বাংলাদেশ। তবে হাফ-সেঞ্চুরির চার রান আগে বোল্ড হয়ে যান মাহিদুল (৪৬)। শেষ দিকে রিশাদের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে স্কোর দুইশ ছাড়ায়। ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিলেস নেন ৩ উইকেট, চেজ ও গ্রেভসের ঝুলিতে ২টি করে।

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৭২ বলে ৫১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রিশাদের হাতে বল উঠতেই পাল্টে যায় ম্যাচের চিত্র।

১২তম ওভারে আথানাজেকে (২৭) এলবিডব্লিউ করে ব্রেক-থ্রু এনে দেন এই লেগস্পিনার। এরপর কার্টি (৯), কিং (৪৪), রাদারফোর্ড (০), চেজ (৬) ও গ্রেভসকে আউট করে ইনিংসে ছয় উইকেটের কীর্তি গড়েন রিশাদ।

তার ঘূর্ণিতে ৯২ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় দলটি।

রিশাদ ৯ ওভারে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট এবং বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা বোলিং ফিগার।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২১ অক্টোবর একই ভেন্যু মিরপুরে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০৭/১০ (৪৯.৪ ওভার) — হৃদয় ৫১, মাহিদুল ৪৬, সিলেস ৩/৪৮
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৩/১০ (৩৯ ওভার) — কিং ৪৪, আথানাজে ২৭, রিশাদ ৬/৩৫
ফল: বাংলাদেশ জয়ী ৭৪ রানে
ম্যাচসেরা: রিশাদ হোসেন (বাংলাদেশ)