বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশজুড়ে লালন উৎসব শুরু, সারাদেশে একযোগে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাধক পুরুষ ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস আজ (১৭ অক্টোবর)। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে একযোগে পালিত হচ্ছে লালন উৎসব। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়ায় চলছে তিন দিনব্যাপী প্রধান উৎসব, যেখানে ভিড় জমিয়েছেন হাজারো লালনভক্ত, বাউল ও দর্শনার্থী।

লালন সাঁই ১৮৯০ সালের এই দিনে পরলোকগমন করেন। তাঁর জন্মও হয় এই দিনেই—১৭৭৪ সালের ১৭ অক্টোবর। এ কারণে ভক্তরা দিনটিকে জন্ম ও তিরোধান দিবস একত্রে পালন করেন। এ বছরই প্রথম সরকারিভাবে দিনটিকে “জাতীয় দিবস” হিসেবে ঘোষণা করেছে সরকার।

কুষ্টিয়ার লালন আখড়ায় শুক্রবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্য গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।
এছাড়া আলোচনায় অংশ নেবেন কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আল মামুন। সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

ছেঁউড়িয়ার আখড়ায় সঙ্গীত পরিবেশন করবেন দেশজুড়ে পরিচিত বাউল-ফকিররা—টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ অনেকেই।
এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে লালনের জীবন ও দর্শন নিয়ে তৈরি করা হয়েছে দুই মিনিট দৈর্ঘ্যের একটি তথ্যচিত্র, যা উৎসবে প্রদর্শিত হবে।

রাজধানীতে লালনকে ঘিরে মূল আয়োজনটি হবে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, ব্যান্ড লালন, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহীসহ বহু শিল্পী।

শুধু কুষ্টিয়া বা ঢাকা নয়, সারাদেশের জেলা শিল্পকলা একাডেমিতেও একযোগে অনুষ্ঠিত হচ্ছে লালন স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লালন উৎসবকে ঘিরে দেশের নানা প্রান্তে বইছে ভাব-গানের মেলা। দুই শতাব্দী আগের এই মানবতাবাদী সাধকের বাণী আজও সমানভাবে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে।