ফুটবলে নতুন ইতিহাস লিখল আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। টানা ১৬ ম্যাচ জয়ের মাধ্যমে তারা ভেঙে ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের টানা ১৫ জয়ের বিশ্বরেকর্ড। এই সাফল্যের মধ্য দিয়ে আটলাস লায়ন্স খ্যাত মরক্কো আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করল।
২০২৬ সালের আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। মঙ্গলবার (১৪ অক্টোবর) কঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করে তারা এই রেকর্ড গড়ে। দলের একমাত্র গোলটি করেন ইউসেফ এন-নেসিরি।
এই জয়ের মাধ্যমে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ৮ জয় ও পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে মরক্কো।
এর আগে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। সেই কীর্তিই এবার ছাড়িয়ে গেল মরক্কো।
গত ১৯ মাসে মরক্কো প্রতিপক্ষের জালে দিয়েছে ৫০ গোল, আর হজম করেছে মাত্র ৪টি। তাদের জয়যাত্রা শুরু হয় ২০২৪ সালের মার্চে মৌরিতানিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর থেকে। এরপর বাছাইপর্বে ৭, আফ্রিকা কাপ অব নেশন্সে ৬ এবং প্রীতি ম্যাচে ৩টি জয় এনে তারা এই নজির গড়ে।
এখন মরক্কোর সামনে লক্ষ্য—এই জয়ধারা আরও দীর্ঘ করা। আগামী মাসের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে মাঠে নামবে আশরাফ হাকিমি, ইয়াসিন বুনো ও ব্রাহিম দিয়াজদের দল। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি, তবে আফ্রিকান ফুটবলের ইতিহাসে মরক্কোর এই রেকর্ড ইতিমধ্যেই এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে।




