২০২৫ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সংস্থাটির প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (অক্টোবর ২০২৫)’ প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়।
আমেরিকার ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক যৌথ সভার দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশিত হয়। আইএমএফ সাধারণত পঞ্জিকা বছর ধরে প্রবৃদ্ধির হিসাব প্রকাশ করে।
এর আগে গত এপ্রিলেও একই হারে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি, যা এবারও অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ২০২৬ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা বাড়বে বলে জানিয়েছে আইএমএফ—তখন তা দাঁড়াতে পারে ৪ দশমিক ৯ শতাংশে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি হবে ১০ শতাংশ, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় বাড়তি চাপ সৃষ্টি করবে। অর্থনীতিবিদদের মতে, টানা মূল্যবৃদ্ধি, রপ্তানি আয় হ্রাস, বৈদেশিক মুদ্রার সংকট ও বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপের কারণে প্রবৃদ্ধির গতি মন্থর হচ্ছে।
চলতি অক্টোবরেই প্রকাশিত বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫ শতাংশ এবং বাংলাদেশের সরকার ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে।
আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি বছরে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ। সে হিসেবে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রতিনিধি দলটি আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ৪৭০ কোটি ডলারের আইএমএফ ঋণ কর্মসূচি, আর্থিক খাতের সংস্কার, অর্থ পাচার রোধ ও বাজেট সহায়তা নিয়ে আলোচনাই এই সফরের মূল আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।




