বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শেষ ওভারে জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শেষ মুহূর্তে জয় হারিয়ে ফেলল বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ভারতের বিশাখাপত্তমে সোমবার অনুষ্ঠিত ম্যাচে এই হারে ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার সতর্ক সূচনা এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করেন তারা। রুবাইয়া করেন ২৫ রান, ফারজানা ৩০ রানে ফেরেন।

এরপর শারমিন আকতার ও জ্যোতি দলকে দেড়শ পার করান। তৃতীয় উইকেটে তাদের ৭৭ রানের জুটি ভাঙে ৪১তম ওভারে। জ্যোতি ৩২ ও শারমিন ৫০ রানে আউট হন। শেষ দিকে স্বর্ণা আকতার ও রিতু মনি ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান। স্বর্ণা ৩৫ বলে অপরাজিত ৫১ ও রিতু ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো মালাবা নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এক পর্যায়ে ৭৮ রানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। কিন্তু ষষ্ঠ উইকেটে মারিজান কাপ ও ক্লো ট্রায়নের ৮৫ রানের জুটিতে ম্যাচে ফেরে তারা। কাপ করেন ৫৬ ও ট্রায়ন ৬২ রান।

শেষদিকে ৩১ বলে ৩৫ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার, হাতে ছিল ৩ উইকেট। তখন নাদিন ডি ক্লার্ক ও মাসাবতা ক্লাসের জুটি দলের জয় নিশ্চিত করে। শেষ ওভারে ৮ রানের প্রয়োজন থাকলে নাহিদা আকতারের করা প্রথম বলে চার ও তৃতীয় বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ডি ক্লার্ক। তিনি অপরাজিত থাকেন ৩৭ রানে, ক্লাস অপরাজিত ১০ রানে।

বাংলাদেশের হয়ে নাহিদা ২টি, রাবেয়া, ফাহিমা ও রিতু ১টি করে উইকেট নেন।

আগামী ১৬ অক্টোবর একই ভেন্যুতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।