এই সময়ের জনপ্রিয় গায়ক ও সুরকার তানজীব সারোয়ার বাগদান সম্পন্ন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল কোরের কর্মকর্তা লেফটেন্যান্ট সাবা সানজিদা রহমানের সঙ্গে।
শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার মিরপুর সেনানিবাসের সিএসডি এলাকায় পারিবারিক আয়োজনে এই বাগদান অনুষ্ঠিত হয়। খবরটি তানজীব নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। তাঁর পোস্টে তিনি লেখেন, “সাবা সানজিদা রহমানের সঙ্গে আমার বাগদান সম্পন্ন হয়েছে।”
সাবা সানজিদা ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। তিনি প্রকৌশল কোরের একজন কর্মকর্তা।
তানজীব সারোয়ার গণমাধ্যমকে জানান, তাঁদের পরিচয় কয়েক বছর আগের। সংগীতের সূত্রেই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে সম্পর্কের পরিণতি পায়। “২০১৪ সালে ‘দিল আমার’ গানটি প্রকাশের সময় সাবা নজরুলসংগীতে তালিম নিচ্ছিল। তখন থেকেই আমাদের মধ্যে পরিচয়। দীর্ঘ ১০ বছর পর সেই বন্ধুত্বই বাগদানে রূপ নিয়েছে,” বলেন তিনি।
বাগদানের খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন ‘ডুবে ডুবে ভালোবাসি’ খ্যাত এই গায়ক। ভক্ত ও সহকর্মীরা তাঁদের জন্য শুভকামনা জানাচ্ছেন।
২০১১ সালে তানজীব সারোয়ার তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ করেন। এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ অ্যালবাম প্রকাশ পায়। তিনি ‘দিল আমার’, ‘মেঘ মিলন’, ‘ডুবে ডুবে ভালোবাসি’, ‘গা ছুঁয়ে বলো’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ও শিল্পী।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে তানজীবের কণ্ঠে ‘গা ছুঁয়ে বলো’ গানটি ব্যাপক প্রশংসা পায়।
এদিকে তানজীব জানিয়েছেন, এখনো বিয়ের তারিখ নির্ধারিত হয়নি। দুই পরিবারের আলোচনার পর আনুষ্ঠানিক বিয়ের সময় ঠিক করা হবে।




