দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (৫–৯ অক্টোবর) বড় ধরনের দরপতন দেখা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই বেশির ভাগ সিকিউরিটিজের দর কমেছে, ফলে এক্সচেঞ্জটির সব সূচক ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এই দরপতনের প্রভাবে ডিএসইর বাজারমূলধন কমেছে প্রায় ৮ হাজার কোটি টাকা, যদিও সপ্তাহজুড়ে গড় লেনদেন বেড়েছে প্রায় ৬ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৬টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৯টির, কমেছে ২৯৮টির, আর ১৯টির দর অপরিবর্তিত ছিল।
দরপতনের কারণে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট বা ২.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫,২৮৪ পয়েন্টে; আগের সপ্তাহ শেষে যা ছিল ৫,৪১৬ পয়েন্টে।
এছাড়া ডিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট বা ২.৩৪ শতাংশ কমে ২,০৩৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩৮ পয়েন্ট বা ৩.২২ শতাংশ কমে ১,১৩৪ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেনের পরিমাণে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ১৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৫.৯৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৬২০ কোটি ১১ লাখ টাকা। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ৩,২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা আগের তিন কার্যদিবসের সপ্তাহের তুলনায় ১,৪২৫ কোটি টাকার বেশি।
তবে সূচকের এই পতনে বাজারমূলধন বড় আকারে কমেছে। ডিএসইর বাজারমূলধন সপ্তাহের ব্যবধানে কমেছে ৭ হাজার ৯৩৬ কোটি ৩৯ লাখ টাকা, যা গত বৃহস্পতিবার শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকা। আগের সপ্তাহ শেষে বাজারমূলধন ছিল ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি ১৭ লাখ টাকা।
এদিকে, দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা দেখা গেছে। সূচক ও বেশির ভাগ সিকিউরিটিজের দর কমলেও লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই প্রায় ১ শতাংশ কমে ১৪,৯৪৮ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক ১ শতাংশ কমে ৯,১৮৮ পয়েন্টে অবস্থান নিয়েছে।
গত সপ্তাহে সিএসইতে ৩২১টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ২২টির।




