ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এ নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে এই গ্ল্যামারাস অভিনেত্রীর।
সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তিশা এরই মধ্যে শুটিং শুরু করেছেন এবং শনিবার (১১ অক্টোবর) থেকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন।
নির্মাতা জানিয়েছেন, ‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি হলো নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু করতে চায়।
সোলজার সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ ও জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।
কয়েক সপ্তাহ ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিনয়ের গুঞ্জন চলছিল। অবশেষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিশা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোলজার সিনেমায় অভিনয়ের জন্যই কলকাতার ভালোবাসার মরশুম সিনেমাটি ছেড়ে দিয়েছেন।
তিশা বলেন, “দুটো সিনেমার শুটিং একই সময়ে হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি চেয়েছি, বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হোক—আর শাকিব খানের মতো একজন তারকার সঙ্গে কাজ করে সেটা শুরু করতে পারাটা বড় সুযোগ।”
এই সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পেতে পারে।




