পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে আইসিবি ইসলামী ব্যাংক-এর মালিকানা সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকায় সেটি প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিগত এক বছরেরও বেশি সময় ধরে তারল্য সহায়তা প্রদান করা হলেও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি; বরং তারল্য সংকট আরও বেড়েছে। ফলে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে, যা সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাঁচটি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ, মূলধন ঘাটতি ও প্রভিশন ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাদের দিয়ে আমানতকারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
অর্থ বিভাগ মনে করছে, ব্যাংকগুলোর স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব নয়। তাই আর্থিক খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী দ্রুত রেজল্যুশন প্রক্রিয়া শুরু করা জরুরি।
প্রস্তাবিত নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, যার বিপরীতে পরিশোধিত মূলধন হিসেবে ৩৫ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানত থেকে মূলধনে রূপান্তর করা হতে পারে (বেইল-ইন প্রক্রিয়ায়) এবং ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে।
প্রাথমিকভাবে ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হবে, তবে পরবর্তী পাঁচ বছরের মধ্যে ধীরে ধীরে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
একীভূতকরণ প্রক্রিয়া তত্ত্বাবধানের জন্য গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের নেতৃত্বে আট সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরা রয়েছেন।
একই বৈঠকে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইন যুগোপযোগী করে সংশোধনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।




