রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য আসছে বিশেষ আয়োজন। আগামী ১৪ নভেম্বর ঢাকার কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্ট, যেখানে একই মঞ্চে গান শোনাবেন বাংলাদেশের নগর বাউল জেমস ও পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত।
কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন বাজ। আয়োজকরা শনিবার রাতে ঘোষণা দেন, পাকিস্তানের জুনুন ব্যান্ডের ভোকাল আলী আজমতের সঙ্গে পারফর্ম করবেন জেমস।
১৯৯১ সালে প্রকাশিত হয় সুফি ঘরানার ব্যান্ড জুনুনের প্রথম অ্যালবাম। এরপর থেকে ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’-সহ নয়টি অ্যালবামে কণ্ঠ দিয়েছেন আলী আজমত। ব্যান্ডের পাশাপাশি বলিউডেও গান গেয়েছেন তিনি।
এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন আলী আজমত। তবে এবারই প্রথম এককভাবে আসছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে অংশ নেন এই শিল্পী।
কনসার্টটি শুরু হবে ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায়।




