চট্টগ্রামের প্রখ্যাত নাট্যদল গণায়ন নাট্য সম্প্রদায় তাদের ৫০ বছরের পথচলার সাফল্য উদ্যাপন করতে আয়োজন করছে সাত দিনব্যাপী সুবর্ণজয়ন্তী নাট্যোৎসব। আগামী ১০ অক্টোবর শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে প্রদর্শিত হবে নাটক। এবারের স্লোগান— ‘সৃজনে গৌরবে অঙ্গীকারে শিল্পিত চেতনায় গণায়ন।’
১৯৭৫ সালের ১৭ সেপ্টেম্বর কয়েকজন তরুণ নাট্যকর্মীর হাত ধরে সূচনা হয় গণায়নের। সামাজিক দায়বদ্ধতা ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকে দলটি ধারাবাহিকভাবে নাট্যচর্চা করে আসছে।
উৎসবে মঞ্চস্থ হবে মোট ছয়টি প্রযোজনা—
১০ ও ১১ অক্টোবর : উইলিয়াম শেকসপিয়রের ‘জুলিয়াস সিজার’ (অনুবাদ: ম. সাইফুল আলম চৌধুরী, নির্দেশনা: অসীম দাশ)।
১২ অক্টোবর : নান্দীমুখের ‘আমার আমি’— বাংলা রঙ্গালয়ের কিংবদন্তি অভিনেত্রী বিনোদিনী দাসীর জীবনীভিত্তিক প্রযোজনা।
১৩ অক্টোবর : গণায়নের নিজস্ব প্রযোজনা ‘কমলা সুন্দরীর কিসসা’ (নির্দেশনা: বাপ্পা চৌধুরী)।
১৪ অক্টোবর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ‘তিনি আসছেন’— ইউজিন আয়োনেস্কোর ‘দ্য লিডার’ অবলম্বনে (নির্দেশনা: মামুনুল হক)।
১৫ অক্টোবর : কথাসুন্দর নাট্যদলের ‘বৃত্তের বাইরে’— সন্তোষ চক্রবর্তীর ‘ঠিকানা’ অবলম্বনে (নির্দেশনা: কুন্তল বড়ুয়া)।
১৬ অক্টোবর : ফেইম নাট্যদলের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাল্মীকি প্রতিভা’ (নির্দেশনা: তিলোত্তমা সেনগুপ্ত)।
শুধু নাটক মঞ্চায়ন নয়, গণায়ন দীর্ঘ পথচলায় নাট্যশিক্ষা, কর্মশালা, গ্রামীণ নাট্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পী গড়ে তুলতেও কাজ করেছে। তাদের প্রযোজনায় যেমন বিশ্বনাট্যের অনুবাদ রয়েছে, তেমনি স্থান পেয়েছে লোককথা, ইতিহাস ও সমসাময়িক সমাজবাস্তবতার প্রতিফলন।
উৎসব ঘিরে চট্টগ্রামের নাট্যপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রতিটি প্রযোজনার পর আয়োজিত হবে আলোচনা চক্র ও মতবিনিময়, যাতে তরুণরা নাটকের নতুন ধারণা ও অনুপ্রেরণা লাভ করতে পারেন।
অর্ধশতাব্দী পেরিয়ে গণায়ন আবারও মনে করিয়ে দিচ্ছে— নাটক কেবল বিনোদনের জন্য নয়, এটি সামাজিক পরিবর্তন ও মানবিক চেতনার শক্তিশালী হাতিয়ার।




