জনপ্রিয় ব্যান্ড অর্থহীন তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ প্রকাশের ঘোষণা দিয়েছে। ২০২২ সালে প্রকাশিত ‘ফিনিক্সের ডায়েরি’র তিন বছর পর নতুন এই অ্যালবামটি অক্টোবরেই বাজারে আসছে। ঘোষণার সঙ্গে চমক হিসেবে নতুন অ্যালবামের প্রথম গানও প্রকাশ করেছে ব্যান্ডটি।
‘উন্মাদ’ শিরোনামের গানটি অর্থহীন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। এর কথা বেসবাবা সুমনের, সুর করেছেন সুমন ও মার্ক ডন যৌথভাবে।
পুরো অ্যালবাম প্রকাশের আগে ১০ অক্টোবর একটি বিশেষ শো করবে ‘অর্থহীন’। সেখানে উপস্থিত শ্রোতাদের সামনে অ্যালবামের গানগুলো পরিবেশন করবে তারা। তবে নতুন অ্যালবামে কয়টি গান থাকবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ব্যান্ডটি।
২০১৬ সালে অর্থহীনের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’ প্রকাশিত হয়। এরপর ২০১৮ সালে আসে সিঙ্গেল ট্র্যাক ‘কারণ তুমি অমানুষ’। দীর্ঘদিন সুমনের অসুস্থতার কারণে নতুন অ্যালবাম প্রকাশে বিরতি ছিল। ক্যানসারের চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে তিনি সঙ্গীত থেকে দূরে ছিলেন।
অক্টোবরেই প্রথমবারের মতো আমেরিকা সফরে যাচ্ছে অর্থহীন। সফর শুরু হবে ২৫ অক্টোবর বোস্টনে। এরপর ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানায় কনসার্ট করবে তারা। সফরে আরও কয়েকটি শো যুক্ত হতে পারে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস।
অর্থহীনের বর্তমান লাইনআপে আছেন—সুমন (কণ্ঠ ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) এবং এহতেশাম আলী (গিটার)। যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগেই ‘ফিনিক্সের ডায়েরি-২’ প্রকাশ হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।




