বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মা হিসেবে ব্যর্থ হব না: পডকাস্টে খোলামেলা পরীমনি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মা হিসেবে তিনি কখনো ব্যর্থ হতে চান না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরীমনি। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর ১০ম পর্বে অংশ নিয়ে নিজের জীবন, সন্তান ও ক্যারিয়ার নিয়ে অকপটে এমন মন্তব্য করেন তিনি। বিশেষ এ পর্বটি প্রচারিত হবে শনিবার (৪ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রায় ১০০ মিনিটের এই অনুষ্ঠানে পরীমনি বলেন, আগের তুলনায় এখন অনেক বেশি ভেবে-চিন্তে কাজ করেন। তিনি জানান, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই জীবনযাত্রায় এসেছে এ পরিবর্তন। “এতদিন কোনো সঞ্চয় ছিল না, কিন্তু এখন আমি মাসে একটি সঞ্চয় করি আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও আয় হয়, সেটা যেন ওরা বড় হয়ে ভোগ করতে পারে।”

হাস্যরসের ছলে তিনি বলেন, “আমি এখন পুন্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ সন্তানের মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই। কারণ এ যুগে সন্তান বড় করতে অনেক অর্থের প্রয়োজন। ব্যক্তি বা নায়িকা পরীমনি ব্যর্থ হতে পারে, কিন্তু মা হিসেবে আমি কখনো ব্যর্থ হব না।”

পডকাস্টে নিজের শৈশব ও ক্যারিয়ারের শুরুর দিক নিয়েও কথা বলেন তিনি। অভিনয়ে আসার আগে নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন পরীমনি। তবে সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে তিনি স্কুল ছেড়ে চলে আসেন। ব্যক্তিজীবনে তিনি পরিবারকেও গুরুত্ব দেন। বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্নার আয়োজন করেছিলেন পরীমনি, তদারকি করেছিলেন অন্যান্য রান্নারও।

জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত এ বিশেষ পর্বে পরীমনির জীবনের অনুচ্চারিত গল্প দর্শক-শ্রোতাদের সামনে উন্মোচিত হবে।