বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ১৭ অক্টোবর সারাদেশে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক সাদেক সিদ্দিকী।

পরিচালক জানান, একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও শেষ মুহূর্তের নানা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। তবে এবার মুক্তির তারিখ চূড়ান্ত এবং আর কোনো বাধা থাকবে না।

‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মিত হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে। ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আমিন খানকে। এছাড়া অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলাসহ আরও অনেকে।

২০২০ সালে ছবিটির শুটিং সম্পন্ন হলেও এরপর থেকে আড়ালে চলে যান পপি। সংসারী জীবনে মনোনিবেশ করায় নতুন কোনো ছবির কাজ করেননি তিনি। ফলে দর্শকদের জন্য ‘ডাইরেক্ট অ্যাটাক’ হতে যাচ্ছে তার সর্বশেষ উপহার।

পরিচালক ও প্রযোজনা সংস্থা আশাবাদী, দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের ভালো লাগবে।