বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যে ফেরত আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ড. সালেহউদ্দিন বলেন, পাচারকৃত অর্থ ফেরত আনা জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। শুধু সুইস ব্যাংকে ফোন দিলেই অর্থ ফেরত আসে না, বরং আন্তর্জাতিক আইনি ও আর্থিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তা সম্ভব। ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি সংস্থা ও নির্দিষ্ট বিচারব্যবস্থার সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির মধ্যেই কিছু অর্থ ফেরত আনার ফল মিলবে।
অর্থ উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ১১-১২টি মানিলন্ডারিং মামলা চিহ্নিত করেছে। বাংলাদেশ ব্যাংক সম্পদ জব্দ করেছে, বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করেছে এবং সংশ্লিষ্টদের পাসপোর্ট ও বসবাসের তথ্য সংগ্রহ করেছে। এসব মামলা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এগোচ্ছে।
আগামী নির্বাচনের পর নতুন সরকার এ প্রক্রিয়া অব্যাহত রাখবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “বাধ্য হয়েই তাদের চালিয়ে যেতে হবে। আমরা প্রক্রিয়া শুরু করেছি, সেটি অব্যাহত না রাখলে অর্থ ফেরত আসবে না। আন্তর্জাতিকভাবে এ প্র্যাকটিস বজায় রাখতেই হবে।”
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চাল আমদানির অনুমোদন দিয়েছে।” তিনি জানান, আতপ চালের একটি বাফার মজুত রাখা হয়েছে, যাতে অপ্রত্যাশিত পরিস্থিতিতে সংকট না হয়। পাশাপাশি সার আমদানিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম কিছুটা কমায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত রাখতে সরকার কাজ করছে। যথেষ্ট চাল ও সারের মজুত রাখা হয়েছে। তবে পাইকারি ও খুচরা বাজারে এক শ্রেণির ব্যবসায়ীর কারসাজি অব্যাহত থাকায় এখনও পূর্ণ সাফল্য পাওয়া যায়নি বলে স্বীকার করেন তিনি।
শিশু ও মাতৃকল্যাণ প্রসঙ্গে তিনি জানান, ভিজিএফ কর্মসূচি এবং উপকূলীয় ও হাওর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ বাড়ানো হচ্ছে। আসন্ন মাছ ধরা নিষেধাজ্ঞাকালে জেলেদের প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন তিনি।




