বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রকাশ পেল শেখ সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ী’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশিওয়ালা হিসেবে আলোচিত শেখ সোলায়মান এবার হাজির হলেন নিজের একক মৌলিক গান নিয়ে। সচল পাগল সুজনের কথা ও সুরে এবং পূর্ণ মিলনের সঙ্গীতে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘চলছে গাড়ি যাত্রাবাড়ী’।

দীর্ঘদিন ধরে ভক্তদের ইচ্ছে ছিল শেখ সোলায়মানের কণ্ঠে একটি মৌলিক গান শোনার। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো। গানটি প্রকাশের পর থেকেই ভালো সাড়া ফেলেছে শ্রোতাদের মাঝে। সোলায়মান বলেন, “অনেক দিনের ইচ্ছে ছিল নিজের একটি গান থাকবে। অবশেষে সেই সুযোগ হলো। শ্রোতারাও ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন, আমি গানটি নিয়ে আশাবাদী।”

এর আগে লুৎফর হাসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘আমরা যারা দেখতে কালো’ শিরোনামের গান গেয়ে আলোচনায় আসেন তিনি। তবে এবারই প্রথম এককভাবে নিজের মৌলিক গান প্রকাশ করলেন।

‘চলছে গাড়ি যাত্রাবাড়ী’ গানের ভিডিও ধারণ করা হয়েছে গ্রামীণ জনপদে, যেখানে ফুটে উঠেছে মাটির ঘ্রাণ ও লোকজ আবহ। গানটি প্রকাশিত হয়েছে শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক অডিও প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে গানটি।

গ্রামের মাঠ, নদীর ধারে বাঁশি বাজিয়ে গানের শুরু করা শেখ সোলায়মান এখন নিজের মৌলিক সঙ্গীত দিয়ে সংগীতপ্রেমীদের মন জয় করছেন।