বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। দেখা গেছে, প্রতি তিনজন নারী শ্রমিকের দুজনের বাল্যবিবাহ হচ্ছে, আর এদের মধ্যে ৬৫ শতাংশ ১৮ বছরের আগেই গর্ভধারণ করছেন।
সোমবার সকালে আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে আয়োজিত ‘পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার’ শীর্ষক সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়। গবেষণাটি পরিচালনা করেছেন আইসিডিডিআরবির ইমিরিটাস সায়েন্টিস্ট ড. রুচিরা তাবাসসুম নভেদ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কড়াইল, মিরপুর ও গাজীপুরের টঙ্গী বস্তিতে ১৫–২৭ বছর বয়সী ৭৭৮ জন নারী শ্রমিকের ওপর ছয় মাস অন্তর জরিপের মাধ্যমে গবেষণাটি পরিচালিত হয়।
গবেষণার ফলাফলে আরও উঠে এসেছে—প্রতি তিনজনের একজন নারী অন্তত একবার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের শিকার হয়েছেন। প্রতি চারজনের একজন গর্ভপাতের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। গবেষণার শুরুতে ৪৯ শতাংশ শ্রমিক দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জানলেও, দুই বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশে। জরুরি গর্ভনিরোধক বড়ি সম্পর্কে সচেতনতা ১৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। তবে কর্মক্ষেত্রে সহিংসতার বিষয়টি উদ্বেগজনক। শুরুতে ৪৮ শতাংশ নারী শ্রমিক মানসিক সহিংসতার শিকার হয়েছেন, যা দুই বছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৫৫ শতাংশে। অথচ সহিংসতার শিকারদের অধিকাংশই আনুষ্ঠানিক সাহায্য চাননি।
কারখানার সুবিধাসমূহও সীমিত। জরিপে দেখা গেছে, শ্রমিকদের কর্মস্থলের মাত্র ২২ শতাংশ কারখানায় স্যানিটারি প্যাড পাওয়া যায়, আর পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহের হার মাত্র ১৪ শতাংশ।
সেমিনারে আলোচকরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সচেতনতা নারীদের বাল্যবিবাহ ও কিশোরী বয়সে গর্ভধারণের ঝুঁকি কমাতে সহায়ক। বিকেএমইএর যুগ্ম সম্পাদক ফারজানা শারমিন জানান, সমাজব্যবস্থার পুরুষতান্ত্রিক কাঠামোর কারণে নারীদের মতামত গুরুত্ব পায় না, বিশেষ করে গর্ভধারণের বিষয়ে।
স্বাধীন গবেষক ইয়াসমিন এইচ আহমেদ বলেন, “নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা এখনও দোকান থেকে স্বল্পমেয়াদি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কিনতে পারেন না। তাই গার্মেন্টসে কাউন্সেলিংয়ের পাশাপাশি এসব সামগ্রীর সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।”
প্রধান গবেষক ড. রুচিরা তাবাসসুম নভেদ বলেন, “অর্থনৈতিকভাবে এগিয়ে থাকলেও পোশাকশিল্পে কর্মরত নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিস্থিতি অন্যদের চেয়েও খারাপ। এ জন্য সরকার, উন্নয়ন সংস্থা ও অংশীদারদের সম্মিলিত উদ্যোগ জরুরি।”




