বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ছেলে আব্রামের দশম জন্মদিনে অপু-শাকিবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় দশ বছরে পদার্পণ করেছে। ছেলের জন্মদিনে বাবা-মা দুজনেই আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও তারা একসঙ্গে নেই, তবুও দুই তারকার ভালোবাসায় ভরপুর এই বিশেষ দিন উদযাপিত হয়েছে আব্রামের জন্য।

রাত ১২টা বাজার পরপরই (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের প্রতি আবেগঘন শুভেচ্ছা জানান শাকিব খান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেশের বাইরে একটি পার্কে শাকিব ও জয়ের খেলাধুলার মুহূর্তগুলো দেখা যায়, যেখানে ধরা পড়েছে বাবা-ছেলের হাসি-আনন্দে ভরা সময়।

ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন একজন সৎ, সাহসী এবং দয়ালু মানুষ হয়ে ওঠো। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে যেন সবসময় সুখ, শান্তি এবং সফলতার পথ খোলা থাকে। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি।’

শাকিবের এই পোস্ট দেখে ভক্তরা আবেগ, ভালোবাসা প্রকাশ করেন; জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপরই ছেলেকে নিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

অপুও তার ফেসবুকে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে মা-ছেলেকে একসঙ্গে সোফায় বসে থাকতে দেখা যায়, অন্যটিতে জন্মদিনের কেক দেখা যায়। ছবিগুলোর সাথে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।’

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।