বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৮ সেপ্টেম্বর) ইতিহাস গড়তে যাচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে প্রতীক্ষিত এই লড়াই।

ফাইনালের আগে চলতি আসরে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। গ্রুপ পর্বে ৭ উইকেট আর সুপার ফোরে ৬ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারায় ভারত। মাঠের পারফরম্যান্সেও দুই দলের শক্তি-সামর্থ্যের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।

ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। ছয় ম্যাচের সবকটিতে জয়ী দলটির ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সমান দাপট। সর্বোচ্চ রান সংগ্রাহক অভিষেক শর্মা (৩০৯) ও সর্বোচ্চ উইকেটশিকার কুলদীপ যাদব (১৩) প্রতিপক্ষের জন্য আলাদা হুমকি হয়ে দাঁড়িয়েছেন।

অন্যদিকে, পাকিস্তানের ফাইনালে ওঠার পথ ছিল বেশ কঠিন। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় দল ভুগছে। অধিনায়ক সালমান আগা ছয় ম্যাচে করেছেন মাত্র ৬৪ রান, স্ট্রাইক রেট ৭৮.০৪। টপ অর্ডারের আরেক ব্যাটার সায়েম আইয়ুব চারবার শূন্য রানে আউট হয়েছেন, রান না পেলেও বল হাতে নিয়েছেন ৮ উইকেট। তাই তাঁকে একাদশের বাইরে রাখার ঝুঁকি নিতে চাইবে না পাকিস্তান।

মাঠের বাইরের আবহও কম উত্তপ্ত নয়। রাজনৈতিক বৈরিতার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সৌজন্যের আদান-প্রদানও অনুপস্থিত। পাকিস্তান এ নিয়ে আইসিসি ও এসিসির কাছে অভিযোগ জানালেও তাতে পরিবর্তন আসেনি। বরং পাকিস্তান দুটি ম্যাচের সংবাদ সম্মেলন বয়কট করে।

সবকিছুর পরও বিশ্ব ক্রিকেটপ্রেমীরা আজ চাইবে মাঠের লড়াইয়েই নির্ধারিত হোক শ্রেষ্ঠত্ব। এশিয়া কাপের এই ঐতিহাসিক ফাইনাল তাই শুধু একটি খেলা নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মর্যাদারও লড়াই।