বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্প টেকসই উন্নয়নে বিশ্বমানের : সুইস রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দ্রুতই টেকসই উন্নয়নের পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাভারের বাইপাইলে অবস্থিত টিম গ্রুপের ফোর এ ইয়ার্ন ডায়িং কারখানা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত জানান, কারখানার কর্মপরিবেশ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। স্বাস্থ্যকর সবুজ পরিবেশে শ্রমিকরা কাজ করছেন এবং তাঁদের জন্য চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, “এমন কাঠামোগত দৃষ্টিনন্দন ও দায়িত্বশীল কারখানা অন্য কোথাও দেখিনি। বাংলাদেশের পোশাক খাতের টেকসই উন্নয়নের এটি বড় উদাহরণ।”

পরিদর্শনকালে রাষ্ট্রদূত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ নিয়ে মতবিনিময় করেন।

ব্রিফিংয়ের আগে তিনি ফোর এ ইয়ার্ন ডায়িংয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন সুইস দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও মিডিয়া বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা খালেদ চৌধুরী, ফোর এ ইয়ার্ন ডায়িংয়ের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নকিবসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা।

আবদুল্লাহ হিল নকিব বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নানা ধরনের অপপ্রচার রয়েছে। বাস্তব পরিস্থিতি দেখাতে এবং এ খাতের ইতিবাচক দিক তুলে ধরতেই তাঁরা রাষ্ট্রদূতকে কারখানা পরিদর্শনে আমন্ত্রণ জানান।

ফোরএ ইয়ার্ন ডাইয়িং লিমিটেড আমেরিকার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবি) সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিডের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম সনদ পাওয়া কারখানা। বিশ্বের শীর্ষস্থানীয় অন্তত ২০টি ব্র্যান্ডের জন্য পোশাক উৎপাদন ও রপ্তানি করছে প্রতিষ্ঠানটি।