বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের ১৭তম আসরে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয় তারা। এর ফলে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালের টিকিট কাটে ভারত।

এই পরাজয়ে সুপার ফোর থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলংকার, যারা আগের দুই ম্যাচেই হেরেছিল। এখন বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচে বিজয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল দলকে উড়ন্ত সূচনা এনে দেন। মাত্র ৩৮ বলে ৭৭ রানের জুটি গড়েন তারা। সপ্তম ওভারে গিলকে (২৯) আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার রিশাদ হোসেন। তবে অপর প্রান্তে থামানো যায়নি অভিষেককে। তিনি মাত্র ২৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৩৭ বলে ৭৫ রান করে রান আউট হন।

ইনিংসের মাঝপথে দ্রুত উইকেট হারালেও হার্ডিক পান্ডিয়া (৩৮) ও অক্ষর প্যাটেলের (২০) জুটিতে লড়াকু সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তারা তোলে ১৬৮ রান। বাংলাদেশের হয়ে রিশাদ নেন ২টি উইকেট, আর মুস্তাফিজুর রহমান একটি উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

জবাবে দ্বিতীয় ওভারেই ওপেনার তানজিদ হাসানকে (১) হারায় বাংলাদেশ। এরপর সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ইমন ফেরেন ২১ রানে, হৃদয় ফেরেন ৭ রানে। এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান সাইফ। তিনি ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন ৩ চার ও ৫ ছক্কায়, তবে শেষ পর্যন্ত ১৮তম ওভারে আউট হয়ে ফেরেন।

তার ব্যাট ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে কুলদীপ যাদব সর্বোচ্চ ৩ উইকেট নেন, বুমরাহ ও বরুন চক্রবর্তী নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৬৮/৬, ২০ ওভার (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, রিশাদ ২/২৭)
বাংলাদেশ: ১২৭/১০, ১৯.৩ ওভার (সাইফ ৬৯, ইমন ২১, কুলদীপ ৩/১৮)
ফল: ভারত ৪১ রানে জয়ী।