বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জ্বালানি চাহিদা মেটাতে ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রায় ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে অনুমোদিত আমদানি পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাই থেকে ডিসেম্বর সময়ের মধ্যে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি বুমি সিয়াক পুসাকো যাপিন (বিএসপি) থেকে আনুমানিক ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে গ্যাসোলিন আমদানি করা হবে।

প্রস্তাব অনুযায়ী, ৯৫ আনলেডেড অকটেন মানের এই গ্যাসোলিন সরবরাহ করবে বিএসপি। এর মাধ্যমে দেশের পরিবহন ও শিল্পখাতে জ্বালানির চাপ সামাল দেওয়া সহজ হবে বলে আশা করছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা ও দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের ভারসাম্য বজায় রাখতেই এই আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।