এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। মঙ্গলবার আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বল ও ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখায় সালমান-আফ্রিদিরা। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে পাকিস্তান। এর আগে ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করেছিল তারা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুর দিকে ধাক্কা খায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে মাত্র ৫৩ রানের মধ্যে হারায় তিন উইকেট। পাথুম নিশাঙ্কা (৮) ও কুশল মেন্ডিসকে (০) সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি। কুশল পেরেরা (১৫) দ্রুত আউট হলে চাপে পড়ে যায় লংকানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৮ রানে অর্ধেক দল ফিরিয়ে দেয় পাকিস্তানের বোলাররা। অধিনায়ক চারিথ আসালঙ্কা করেন ২০ রান, গোল্ডেন ডাক মেরে ফেরেন দাসুন শানাকা।
কামিন্দু মেন্ডিস এক প্রান্তে লড়াই চালিয়ে যান। চামিকা করুনারত্নের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন তিনি। ১৯তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরই আফ্রিদির তৃতীয় শিকার হয়ে ফেরেন কামিন্দু (৫০)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে শ্রীলঙ্কা। আফ্রিদি নেন ৩টি উইকেট, হারিস রউফ ও হুসেন তালাত নেন ২টি করে।
জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে পাকিস্তান। শাহিবজাদা ফারহান (২৪) ও ফখর জামান (১৭) মিলে ৫ ওভারে তুলে ফেলেন ৪৩ রান। তবে ষষ্ঠ ওভারে মহেশ থিকশানা একসঙ্গে ফেরান দুজনকেই। এরপর হাসারাঙ্গা ডি সিলভার ঘূর্ণিতে দ্রুত উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুব (২), অধিনায়ক সালমান আঘা (৫) ও মোহাম্মদ হারিস (১৩) আউট হলে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
সঙ্কটময় পরিস্থিতিতে দায়িত্ব নেন হুসেন তালাত ও মোহাম্মদ নাওয়াজ। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে সহজ জয় তুলে নেয় পাকিস্তান। ৩০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তালাত, নাওয়াজ খেলেন ২৪ বলে ৩৮ রানের ম্যাচ জেতানো ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে থিকশানা ও হাসারাঙ্গা নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১৩৩/৮ (২০ ওভার) — কামিন্দু ৫০, করুণারত্নে ১৭*, আফ্রিদি ৩/২৮
পাকিস্তান: ১৩৮/৫ (১৮ ওভার) — নাওয়াজ ৩৮*, তালাত ৩২*, থিকশানা ২/২৪
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।




