বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে জয় দিয়ে শুরু ভারতের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুর্দান্ত সূচনা করেছে ভারত। ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মাহীন টিম ইন্ডিয়া।

রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তারা সংগ্রহ করে ১৭১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৫৮ রান করেন ফারহান, এছাড়া আঘা সালমান ১৩ বলে ১৭ এবং ফাহিম আশরাফ ৮ বলে অপরাজিত ২০ রান যোগ করেন। ভারতের পক্ষে শিবম দুবে নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট হাতে ঝড় তোলেন ভারতের ওপেনাররা। অভিষেক শর্মা ৩৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় খেলেন ৭৪ রানের ঝোড়ো ইনিংস। শুভমান গিল করেন ২৮ বলে ৪৭ রান। শুরুতে এই দুই ওপেনারের ব্যাটেই ভারতের রান তোলা সহজ হয়ে যায়। গিল আউট হলেও অভিষেক পাকিস্তান বোলারদের উপর চড়াও হয়ে দলকে এগিয়ে নিয়ে যান। পরে তিলক ভার্মা (১৯ বলে ৩০*) ও হার্ডিক পান্ডিয়া (৭*) মিলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

ভারতীয় ইনিংস শেষ হয় ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে। পাকিস্তানের হয়ে হারিস রউফ নেন ২ উইকেট।

এই জয়ের ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ভারত। এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ১৬০ রান তাড়া করে জয় পেয়েছিল তারা।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১৭১/৫, ২০ ওভার (ফারহান ৫৮, সাইম ২১; দুবে ২/৩৩)।
ভারত : ১৭৪/৪, ১৮.৫ ওভার (অভিষেক ৭৪, গিল ৪৭; রউফ ২/২৬)।
ফল : ভারত ৬ উইকেটে জয়ী।