জাতীয় রাজস্ব বোর্ডের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো প্রকল্পের আওতায় রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ প্রদান করা হয়েছে।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো বিএটি বাংলাদেশ, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিক্যালস এবং ব্যুরো বাংলাদেশ।
এনবিআর জানায়, সরকারের অটোমেশন কর্মসূচি বাস্তবায়নে অবদান এবং ইতিবাচক উদ্যোগে ধারাবাহিক সমর্থনের স্বীকৃতিস্বরূপ দেশের বৃহৎ করদাতা প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
বিএসডব্লিউ প্রকল্পের মাধ্যমে পাঁচ লাখ সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুর মাইলফলক ছোঁয়ার উদযাপনকে ঘিরেই এ আয়োজন করা হয়।
চালুর পরপরই বিএটি বাংলাদেশ কাগজবিহীন এ প্রক্রিয়া বাস্তবায়ন শুরু করে। ফলে সরকারি কাজে ব্যক্তিগত বা সরাসরি যোগাযোগ কমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ছে।
এর পাশাপাশি হয়রানি, দুর্নীতি ও অনৈতিক লেনদেনের সুযোগ কমে গেছে; আমদানি–রপ্তানিতেও সময় ও খরচ সাশ্রয় হচ্ছে।
দ্রুত ও স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া নিশ্চিত করতে ২০১৭ সালে সরকার বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো চালু করে। উদ্যোগটির আওতায় ১৯টি সরকারি সংস্থাকে একক ডিজিটাল পোর্টালে আনা হয়েছে, যার মধ্যে রয়েছে বিএসডব্লিউ সফটওয়্যার ও অ্যাডভান্সড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম।
ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারিতে সরকার ঘোষণা দেয়, ১ ফেব্রুয়ারি থেকে সাতটি সংস্থার ক্ষেত্রে হাতে লেখা বা ম্যানুয়ালি ইস্যু করা সিএলপি গ্রহণযোগ্য হবে না; সব নথি বিএসডব্লিউ সিস্টেমে জমা দিতে হবে।
এতে বাণিজ্যিক অংশীদার, আমদানিকারক, রপ্তানিকারক এবং ব্যাংকগুলোর কার্যপ্রবাহ আরও সমন্বিত হচ্ছে, তথ্য বিনিময় দ্রুততর হচ্ছে এবং ট্রেড কমপ্লায়েন্সে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ সহজ হচ্ছে। এনবিআর মনে করে, ডিজিটাল রূপান্তর বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক প্রভাব ফেলবে। দেশে প্রতিযোগিতা বাড়বে।




