বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনার স্বল্পদৈর্ঘ্য ফিচার ‘ফেরেশতে’ এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আন্তর্জাতিক উৎসব সফর শেষে ছবিটি ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা পক্ষ। এতে অভিনয়ের পাশাপাশি সহপ্রযোজক হিসেবে আছেন জয়া আহসান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ফেরেশতে’ সিনেমার পোস্টার শেয়ার করেছেন লিখেছেন, ‘১৯ সেপ্টেম্বর’।
প্রয়োজক ও এই সিনেমার অভিনেতা সুমন ফারুক এক বিজ্ঞপ্তিতে জানান, ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ছবিটি তিন বছর আগে ঢাকার বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়। বাংলাদেশের মুমিত আল-রশিদ চিত্রনাট্য লিখেছেন; ফারসি–বাংলা অনুবাদে যুক্ত ছিলেন ফয়সাল ইফরান। গল্পে উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম—রিকশাচালকসহ কর্মজীবী শ্রেণির টানাপোড়েন।
উৎসবযাত্রায় ‘ফেরেশতে’ পেয়েছে উল্লেখযোগ্য স্বীকৃতি। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে “মানবিক দৃষ্টিভঙ্গি”র জন্য জাতীয় পর্যায়ের পুরস্কার জেতে ছবিটি; এছাড়া ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায় এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এ অফিসিয়াল সিলেকশনে ছিল।
গণমাধ্যমকে জয়া জানান, সুবিধাবঞ্চিত এক নারীর চরিত্রে অভিনয় তাঁর জন্য “চ্যালেঞ্জিং” ছিল; শুটিংয়ে পুরো টিমের সহযোগিতা পেয়েছেন।
প্রযোজক–অভিনেতা সুমন ফারুক বলেন, “আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির গল্প তুলে ধরেছে। প্রান্তিক মানুষের যে গল্প উচ্চবিত্ত সমাজ সহজে ভাবে না, সেই গল্প বলেছে সিনেমাটি। বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছি, এবার আমাদের দেশের দর্শকরা হাততালি দেবেন বলে আশা করছি।”
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেতে যাওয়া ‘ফেরেশতে’কে দেশের প্রেক্ষাগৃহে জয়া আহসানের প্রত্যাবর্তনের ছবিও বলা হচ্ছে—প্রদর্শনসূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর থেকে স্থানীয় হলগুলোতে দেখা যাবে।




