বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে তথ্যচিত্র আমাদ’স ড্রিম

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্রে রেখে প্রবাসীদের—বিশেষ করে প্রবাসী নারীদের—ভূমিকা তুলে ধরেছেন আমেরিকাপ্রবাসী বাংলাদেশি ভিজ্যুয়াল স্টোরিটেলার আশিষ কিফায়েত। তাঁর নির্মিত ৯ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘আমাদ’স ড্রিম’ আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে সাড়া ফেলেছে।

চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ইস্তাম্বুলের আনাতোলিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও গোল্ডেন ব্রিজ ইস্তাম্বুল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। পাশাপাশি ইস্ট ভিলেজ নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসব এবং অ্যাথেন্স আন্তর্জাতিক আর্ট ফিল্ম ফেস্টিভ্যালে কাজটির জন্য সম্মানসূচক পুরস্কার মিলেছে—যা নির্মাতা হিসেবে কিফায়েতের আন্তর্জাতিক উপস্থিতিকে আরও দৃঢ় করেছে।

এক প্রতিক্রিয়ায় আশিষ কিফায়েত বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পেরে আমি সম্মানিত। বাংলাদেশের তরুণদের আন্দোলন নিয়ে বিশ্বে আগ্রহ আছে; আন্তর্জাতিক চলচ্চিত্রসমালোচক, পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা।”

‘আমাদ’স ড্রিম’-এর কেন্দ্রীয় চরিত্র আমাদ মাহবুব—একজন বাংলাদেশি নারী, মেহেদি ও কত্থক নৃত্যশিল্পী। সামাজিক নিপীড়ন থেকে মুক্তির খোঁজে তিনি আমেরিকায় পাড়ি জমান এবং সেখানেই স্নায়ুবিজ্ঞানে উচ্চশিক্ষা নেন। তথ্যচিত্রটি তার ব্যক্তিগত সংগ্রাম, সাংস্কৃতিক শিকড়ের টান ও রাজনৈতিক সচেতনতার পথরেখা আঁকে; একই সঙ্গে ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনের সময়ে প্রবাসীদের বহুমাত্রিক সম্পৃক্ততা—সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ছড়ানো, অর্থসহায়তা, পেশাগত দক্ষতার স্বেচ্ছা অবদান—চিত্রভাষায় উপস্থাপন করে।

ছবিতে দেখা যায়, আমাদ কীভাবে মেহেদি–শিল্পকে সংহতির প্রতীকে রূপ দেন—নকশা থেকে অর্জিত আয়ের একটি অংশ আন্দোলন–সহায়ক তহবিলে দেন, প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সচেতনতা গড়ে তোলেন।

ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী আশিষ কিফায়েত অভিবাসন, সামাজিক ন্যায়বিচার ও নাগরিক অধিকারভিত্তিক প্রকল্পে কাজ করেন। ২০২৫ সালে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করকরান স্কুল অব দ্য আর্টস অ্যান্ড ডিজাইন থেকে নিউ মিডিয়া ফটোজার্নালিজমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর কাজ টাইম ম্যাগাজিন, ব্লুমবার্গ নিউজ, দ্য গার্ডিয়ান ও দ্য হিল–এ প্রকাশিত হয়েছে।

নির্মাতার ভাষ্যে, ‘আমাদ’স ড্রিম’ শুধু ব্যক্তিগত প্রতিবাদ–বয়ান নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানকে বিশ্বপরিসরে নথিবদ্ধ করার প্রচেষ্টা—যেখানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা, বিশেষত নারীদের নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রতীকায়ন, নতুন করে আলোচনায় আসে।