এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে টাইগাররা। সমান পয়েন্টে ২ ম্যাচে শ্রীলংকা শীর্ষে। আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে তৃতীয়। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকা যদি আফগানিস্তানকে হারায়, বাংলাদেশ উঠবে সুপার ফোরে; আফগানিস্তান জিতলে সিদ্ধান্ত যাবে নেট রান রেটে।
টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান ৪০ বলে ৬৩ রানের জুটি গড়ে দারুণ সূচনা এনে দেন। ফজলহক ফারুকির এক ওভারে চারটি চারে ১৬ রান তোলেন তানজিদ; পাওয়ার প্লের শেষ ওভারে এ এম গাজানফারকে দুই ছক্কায় ১৯ রান নিয়ে দলকে ৫০–এ পৌঁছে দেন। রশিদ খান সাইফকে (২৮ বলে ৩০) বোল্ড করে জুটি ভাঙলেও অপরপ্রান্তে স্কোরবোর্ড সচল রাখেন তানজিদ। অধিনায়ক লিটন দাস ৯ রানে ফিরলেও তানজিদ ২৮ বলে অর্ধশতক ছুঁয়ে ৩১ বলে ৫২ করে নূর আহমাদের বলে থামেন। মাঝে শামীম হোসেন ১১ বলে ১১ রান করে রশিদের দ্বিতীয় শিকার হন। তবে তাওহিদ হৃদয়ের ২০ বলে ২৬ রানের কার্যকর ইনিংস দলকে ১৮ ওভারেই ১৩৯–এ তোলে। শেষ দিকে জাকের আলি (১৩ বলে ১২*) ও নুরুল হাসান (৬ বলে ১২*) মিলে শেষ ১১ বলে ১৫ রান যোগ করলে ২০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৪—এই আসরে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। আফগানিস্তানের হয়ে রশিদ ২৬ রানে ২টি ও নূর ২৩ রানে ২টি উইকেট নেন।
১৫৫ রানের টার্গেটে আফগানিস্তান শুরুতেই নাসুম আহমেদের ঘূর্ণিতে ধাক্কা খায়; ১৮ রানের মধ্যে হারায় ২ উইকেট। তৃতীয় উইকেটে রহমানুল্লাহ গুরবাজ (৩৫) ও গুলবাদিন নাইব (১৬) ৩৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়লেও দুইজনই দ্রুত ফিরলে চাপ বাড়ে। আজমতুল্লাহ ওমরজাই ১৬ বলে ঝোড়ো ৩০ রান করে আশা জাগালেও তাকে ফেরানোর পর ম্যাচ বাংলাদেশের দখলে চলে যায়। শেষ দিকে রশিদ (১১ বলে ২০) ও নূর (৯ বলে ১৪) ব্যবধান কমালেও ২০ ওভার শেষে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন ৩/২৮; নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের ২০০তম ম্যাচে এমন গুরুত্বপূর্ণ জয়ে লড়াইয়ের পথ খোলা রাখল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৫৪/৫, ২০ ওভার (তানজিদ ৫২, সাইফ ৩০, নূও ২/২৩)।
আফগানিস্তান : ১৪৬/১০, ২০ ওভার (গুরজাব ৩৫, ওমারজাই ৩০, মুস্তাফিজ ৩/২৮)।
ফল : বাংলাদেশ ৮ রানে জয়ী।




