বৃহস্পতিবার

,

১৬ই এপ্রিল, ২০২৬

এমি অ্যাওয়ার্ডস ২০২৫ : ‘দ্য স্টুডিও’র রেকর্ড, নাটকে সেরা ‘দ্য পিট’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পশ্চিমা টেলিভিশন ও ওটিটি জগতের অস্কার বলা যায় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসকে। লস অ্যাঞ্জেলেসে পিকক থিয়েটারে রবিবার (১৪ সেপ্টেম্বর, স্থানীয় সময়) অনুষ্ঠিত প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবার কমেডিতে শো–স্টপার ‘দ্য স্টুডিও’; সিরিজটি এক মৌসুমে ১৩টি পুরস্কার জিতে কমেডি বিভাগে সর্বোচ্চ জয়ের নতুন রেকর্ড গড়েছে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কমেডিয়ান নেট বারগাতজে। অনুষ্ঠানটি সিবিএসে সম্প্রচারিত ও প্যারামাউন্ট+–এ স্ট্রিম হয়।

নাটক বিভাগে বছরের সেরা সিরিজ ‘দ্য পিট’। অভিনয়ে নোয়া ওয়াইল (দ্য পিট) সেরা নাটক অভিনেতা ও ব্রিট লোয়ার (সিভারেন্স) সেরা নাটক অভিনেত্রীর পুরস্কার জেতেন। ‘সিভারেন্স’-এর ট্রামেল টিলম্যান সেরা পার্শ্ব অভিনেতা এবং ‘দ্য পিট’-এর ক্যাথরিন লা নাসা সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান।

কমেডিতে ‘দ্য স্টুডিও’ সেরা সিরিজের পাশাপাশি অভিনয়, পরিচালনা ও লেখাসহ একাধিক ক্যাটাগরিতে জিতে রাতের বড় প্রাপ্তি নিশ্চিত করে। সিরিজটির নায়ক সেথ রোজেন প্রথমবারের মতো সেরা কমেডি অভিনেতা—তার হাতে যায় ব্যক্তিগত প্রথম এমি।

সীমিত সিরিজ/অ্যান্থোলজিতে সেরা ‘অ্যাডোলেসেন্স’; এই বিভাগে স্টিফেন গ্রাহাম সেরা অভিনেতা ও মাত্র ১৫ বছরের ওয়েন কুপার সেরা পার্শ্ব অভিনেতা হয়ে ইতিহাস গড়েন। ক্রিস্টিন মিলিওটি ‘দ্য পেঙ্গুইন’-এর জন্য সেরা অভিনেত্রীর ট্রফি জেতেন। বৈচিত্র্য পর্বে ‘এসএনএল ৫০: দ্য অ্যানিভার্সারি স্পেশাল’ সেরা ভ্যারাইটি স্পেশাল, ‘লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার’ সেরা স্ক্রিপ্টেড ভ্যারাইটি সিরিজ ও লেখায় জয়ী হয়। ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’ সেরা টক সিরিজ এবং ‘দ্য ট্রেইটরস’ সেরা রিয়েলিটি কমপিটিশন। এ বছর বব হোপ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন দম্পতি টেড ড্যানসন ও মেরি স্টিনবার্গেন।

ক্রিয়েটিভ আর্টস এমিতে সংগীত-সংক্রান্ত ক্যাটাগরিতে থিওডোর শাপিরো (‘সিভারেন্স’) অরিজিনাল ড্রামাটিক স্কোরে, মিক জিয়াক্কিনো (‘দ্য পেঙ্গুইন’) লিমিটেড সিরিজ/মুভির স্কোরে এবং ক্রিস্টোফার লেনার্টজ (‘দ্য বয়েজ’) অরিজিনাল মিউজিক অ্যান্ড লিরিক্সে জেতেন। কেনড্রিক লামার সুপার বোল LIX হাফটাইম শোর সঙ্গীত পরিচালনায় নিজের দ্বিতীয় এমি জিতে নেন।

এই বছরের এমি ১ জুন ২০২৪ থেকে ৩১ মে ২০২৫ সময়সীমার অনুষ্ঠিত টেলিভিশন কন্টেন্টকে স্বীকৃতি দেয়; মূল আসরের আগে ৬–৭ সেপ্টেম্বর ক্রিয়েটিভ আর্টস এমি অনুষ্ঠিত হয়।