বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এক বছরে ৬ বিলিয়ন ডলার দেনা শোধ করেছে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ক্ষমতা পাওয়ার এক বছরের মধ্যেই পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ৬ বিলিয়ন ডলারের বৈদেশিক দেনা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ আয়োজিত আন্তর্জাতিক সেমিনার ‘ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি’তে (র‌্যাডিসন ব্লু, চট্টগ্রাম) তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার বিদায় নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ১০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে মোট প্রায় ৬ বিলিয়ন ডলারের দেনা ছিল। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বলিষ্ঠ নেতৃত্বে সেই দেনা সফলভাবে পরিশোধ করেছি।’ তিনি আরও জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩০ বিলিয়ন ডলার।

বাণিজ্য উপদেষ্টা তাঁর বক্তব্যে ‘ব্যবসায় গণতন্ত্র’-এর ওপর জোর দেন এবং পূর্ববর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ব্যবসার গণতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল।

এস আলমের মতো কিছু প্রতিষ্ঠান সেই সুযোগ কাজে লাগিয়েছে। তারা আমদানীকৃত পণ্য বাজারমূল্যের চেয়ে অনেক কমে বিক্রি করেছে, যা দেখে শেখ হাসিনা খুশি হয়েছিলেন। কিন্তু এর ফলস্বরূপ, তারা ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে, যা দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
গত রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সেখ বশির উদ্দিন সরকারের সামগ্রিক প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর সরবরাহ চেইন স্বাভাবিক রাখা অত্যন্ত জটিল একটি কাজ ছিল। অর্থ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। এটি সম্ভব হয়েছে ব্যবসায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মহান আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে।’

দেশের শিল্প খাতে কাঁচামালের অভাবকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মাধ্যমে এই অভাব পূরণে বড় ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি, আর্থিক ও বাজার সুবিধা নিশ্চিত করতে পারলে কাঁচামালের ঘাটতি পূরণ করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

তিনি দৃঢ প্রত্যয় ব্যক্ত করে বলেন, সঠিক রাজনৈতিক নেতৃত্ব পেলে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে ‘সোনার খনিতে’ রূপান্তরিত করা সম্ভব।
বিশ্বের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিশ্ব কখনোই যুদ্ধমুক্ত ছিল না। তাই যুদ্ধকে কেবল একটি চ্যালেঞ্জ হিসেবে না দেখে এর মধ্যে লুকিয়ে থাকা সুযোগগুলো খুঁজে বের করতে হবে। তিনি আরো জানান, পূর্ববর্তী সরকার দেশের পর্যটন খাতের উন্নয়নের জন্য একটি ভারতীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল, যা থেকে বর্তমান সরকার সরে এসেছে। এখন বাংলাদেশ নিজেরাই নিজেদের পর্যটন খাতের প্রচার ও প্রসারের দায়িত্ব নিতে চায়।

সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা। আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।