লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের পক্ষ থেকে শিল্পীর ছেলে ইমাম জাফর নুমানী গণমাধ্যমকে ফরিদা পারভীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় (লাইফ সাপোর্ট)।
শিল্পী ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীতের এক অনন্য প্রতিভা। বহু জনপ্রিয় লালনগীতি তার কণ্ঠে অমর হয়ে আছে। তিনি দীর্ঘদিন কুষ্টিয়া শহরে লালনসংগীতের চর্চা করেছেন।
১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেন ফরিদা পারভীন। শৈশবে ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সংগীতের হাতেখড়ি হয় তার। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর নানা প্রতিকূলতার মধ্যেও তালিম থেকে দূরে থাকেননি।
শুরুতে নজরুলসংগীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও শিল্পীজীবনে পরিচিতি, জনপ্রিয়তা, অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন সাঁইয়ের গান গেয়ে।
লালনসংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভীন। এছাড়া সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে তিনি ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।




