বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নেপাল থেকে ফিরতে পারেনি বাংলাদেশ দল, নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নেপাল সফর শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। নির্ধারিত সময় বেলা ৩টা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG 0372–এ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়ার কথা থাকলেও নেপালের অস্থিরতায় বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করায় দলের যাত্রা স্থগিত হয়েছে। দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আপাতত টিম হোটেলেই অবস্থান করছেন বলে ব্যবস্থাপনা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টার দপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দ্রুত ও নিরাপদে দলকে দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি—বিশেষ করে প্রধানমন্ত্রীর পদত্যাগ—ঘিরে নিরাপত্তা অনিশ্চয়তা দেখা দেওয়ায় দলের যাত্রা বিলম্বিত হয়েছে। সরকারের পক্ষ থেকে নেপালের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। দলের দেশে ফেরার পরবর্তী ফ্লাইট ও সময়সূচি পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে জানানো হবে।

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলে দলের সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং দ্রুত প্রত্যাবর্তনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। দলের ব্যবস্থাপনা জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত রেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।