বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কাজাখস্তানকে উড়িয়ে হকির বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী প্লে–অফে দুর্দান্ত জয়ে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে কাজাখস্তানকে ৫–১ গোলে হারিয়ে লাল–সবুজ প্রতিনিধিরা টুর্নামেন্টের শীর্ষ ছয় নিশ্চিত করে, যা বিশ্বকাপ বাছাইপর্বে খেলার শর্ত।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোল করে লিড এনে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়ে—২৩ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের জোড়া, ২৮ মিনিটে রোমান সরকার স্কোরলাইন করেন ৩–০।

তৃতীয় কোয়ার্টারে গোলের ধারা অব্যাহত থাকে। ৩৩ মিনিটে রোমানের ব্যক্তিগত দ্বিতীয় গোল আসে, এক মিনিটের মধ্যেই তৈয়ব আলী করেন ৫–০। তিন মিনিট পর কাজাখস্তান একটি গোল শোধ করলেও বাকি সময়ে আর গোল না হওয়ায় ৫–১ ব্যবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে এশিয়া কাপে পঞ্চম হওয়ার সুযোগও পেল বাংলাদেশ। আসরের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে তারা খেলবে শনিবার (৬ সেপ্টেম্বর) জাপানের বিপক্ষে। কোচিং স্টাফের আশা, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে শীর্ষ পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করলে বাছাইপর্বে নামার আগে দলের আত্মবিশ্বাস আরও উঁচুতে থাকবে।