বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩১.৩৯ বিলিয়ন ইউএস ডলার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৩৯ বিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

গত বছর আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মোট (গ্রস) ২৫.৫৮ বিলিয়ন ইউএস ডলার এবং আইএমএফের (বিপিএম ৬) মানদণ্ডে ২০.৪৮ বিলিয়ন ইউএস ডলার।

চলতি বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাবে মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ২.০৯ বিলিয়ন ইউএস ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেন অ্যাসেটস অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহ এবং বৈদেশিক মুদ্রা আয়ের উৎসের বৈচিত্র্য রিজার্ভের স্থিতি ধরে রাখতে সহায়তা করছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কিছুটা কমাবে। রিজার্ভের স্থিতি উন্নত হলে আমদানি ব্যয় নির্বাহ সহজ হবে এবং মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতা ফিরবে।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির জন্য প্রধান ভরসা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপমুখী শ্রমবাজারে কর্মসংস্থানের বৃদ্ধি এবং প্রণোদনা অব্যাহত থাকায় এই আয়ের প্রবাহ শক্তিশালী হয়েছে।