৩৯তম ফোবানার সমাপনী দিনের ‘উইমেন এমপাওয়ারমেন্ট’ সেশনে প্রবাসী নারী উদ্যোক্তাদের উদ্দেশে এগিয়ে যাওয়ার প্রেরণা দিলেন আশা গ্রুপ অব কোম্পানিজ–এর কর্ণধার এশা রহমান।
বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত সততা, কাজের প্রতি নিষ্ঠা ও ধারাবাহিক পরিশ্রম—এই তিন গুণকে সামনে রাখলে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তবে নারীর অগ্রযাত্রায় পরিবারের সহযোগিতা অত্যন্ত জরুরি, উল্লেখ করেন এশা রহমান।
নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকা এশা রহমান জানান, শুরু থেকেই তিনি নারীকেন্দ্রিক কর্মপরিবেশ গড়ে তুলেছেন; বর্তমানে তাদের প্রতিষ্ঠানে অধিকাংশই নারী। নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশে অগ্রাধিকার দেওয়ায় নতুন প্রজন্মের কর্মীরা দ্রুত আত্মবিশ্বাস অর্জন করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্যে, প্রবাসে সীমিত সুযোগ, ভাষা–সংস্কৃতির বাধা ও পুঁজি সংকট সত্ত্বেও পরিকল্পিত প্রচেষ্টা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এগোনো সম্ভব।

দিনের আলোচনায় অংশগ্রহণকারীরা উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধাপ, অর্থায়নের উৎস, ব্র্যান্ডিং ও বাজার–সংযোগ তৈরির কৌশল নিয়ে প্রশ্ন–উত্তর পর্বে মতবিনিময় করেন। উপস্থিত অনেকেই বলেন, সেশনের অভিজ্ঞতা তাদের “বাস্তব রোডম্যাপ” দিয়েছে—কোথা থেকে শুরু করতে হবে এবং কীভাবে টেকসইভাবে বড় হতে হবে।
সম্মেলনের শেষ দিনজুড়ে মূল ভেন্যুতে বইমেলা, বিজ্ঞান–প্রদর্শনী, এনআরবি ডায়াসপোরা আলোচনা, স্বাস্থ্য–সচেতনতা কর্মশালা ও রিয়েল এস্টেট ফোরামসহ নানা আয়োজন ছিল। সন্ধ্যায় প্রবাসী ও বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় গ্যাস সাউথ কনভেনশন সেন্টার উৎসবমুখর হয়ে ওঠে।

ফোবানার এবারের আসরে প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল আশা গ্রুপ অব কোম্পানিজ। আয়োজকদের হিসাব অনুযায়ী, তিন দিনব্যাপী এই সমাবেশে প্রায় দশ হাজার প্রবাসীর অংশগ্রহণে প্রবাসী কমিউনিটির সংস্কৃতি, ব্যবসা ও নেটওয়ার্কিং—সব ক্ষেত্রেই এক প্রাণবন্ত মঞ্চ তৈরি হয়।
আয়োজকপক্ষ মনে করছে, নারী নেতৃত্ব নিয়ে সমাপনী দিনের আলোচনাগুলো ভবিষ্যতে উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে উদ্যোক্তা–ইকোসিস্টেম আরও মজবুত করতে সহায়ক হবে।




