বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সেপ্টেম্বরজুড়ে অস্ট্রেলিয়ার পাঁচ শহরে তাহসানের কনসার্ট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সংগীতে দুই দশকেরও বেশি পথচলার মাইলফলক উদযাপনে অস্ট্রেলিয়ায় পাঁচটি শহরে কনসার্ট করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (২৯ আগস্ট) সকালে প্রকাশিত এক ফটোকার্ডে তিনি কনসার্ট–তারিখসহ পুরো সূচি জানান। ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ অংশ নেবে ট্যুরটিতে এবং আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে—টিকিট বিক্রি চলমান।

কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, সেপ্টেম্বরজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন প্রিয় শিল্পী।

অস্ট্রেলিয়ায় থাকা বাংলা গানপ্রেমীদের মধ্যে আয়োজনটি ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে; সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া মিলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তাহসান সংগীতে যাত্রা শুরু করেন বন্ধুদের সঙ্গে ১৯৯৮ সালে গড়া ব্যান্ড ‘ব্ল্যাক’–এর মাধ্যমে, যা অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে তিনি একক ক্যারিয়ারে মনোযোগী হয়ে ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দেন; পাশাপাশি অভিনয়েও সফলতা পান। এবারের অস্ট্রেলিয়া ট্যুরকে তিনি নিজের ২৫ বছরের সংগীতজীবনের আনুষ্ঠানিক উদযাপন হিসেবে দেখছেন।