সুরভী আকন্দ প্রীতির দারুণ হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপের ফিরতি লেগে নেপালকে ৪–১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে ২–১ ব্যবধানে এগিয়ে থেকেই জয় নিশ্চিত করে লাল–সবুজেরা।
শুরুর দিক থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৩৯ মিনিটে গোল করেন থুইনু মার্মা (১–০)। প্রথমার্ধের ইনজুরি টাইমে সুরভী আকন্দ প্রীতি দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন (২–০)। একই সময়ে নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি কাছ থেকে জোরালো শটে একটি গোল শোধ দেন (২–১)।
বিরতির পর ৭১ মিনিটে মামনি চাকমার কর্নার থেকে কাছাকাছি থেকে বল জালে পাঠান প্রীতি (৩–১)। ৮৭ মিনিটে পূর্নিমা মার্মার ক্রস থেকে সুনিপুণ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি (৪–১)।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে; সমসংখ্যক ম্যাচে নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট। শীর্ষে রয়েছে ভারত, তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ এর আগে ভুটানকে ৩–১ হারিয়ে শুরু করে, দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ০–২ হারে, তৃতীয় ম্যাচে নেপালকে ৩–০তে হারায়। নেপাল প্রথম ম্যাচে ভারতের কাছে ০–৭, দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২–১ হারায়, তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ০–৩তে হারে।
একই ভেন্যুতে বাংলাদেশ ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট ভারতের মুখোমুখি হবে।




