বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খেলাপি ঋণ–অব্যবস্থাপনায় ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণের পাহাড় ও মূলধনের ঘাটতিতে টালমাটাল অবস্থায় থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে ‘অপরিচালনযোগ্য’ ঘোষণা করে অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ সরকার ফেরত দেবে এবং কর্মচারীরা চাকরিবিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক জরুরি বৈঠকে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। পরে গভর্নরের অনুমোদনে রেজল্যুশন বিভাগ ফিন্যান্স কম্পানি আইন, ২০২৩ অনুযায়ী লাইসেন্স বাতিল ও অবসায়নের প্রস্তুতি শুরু করেছে।

প্রতিষ্ঠানগুলো হলো—পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এসব প্রতিষ্ঠান বন্ধে সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের নিট ব্যক্তি আমানত প্রায় ৪,৯৭১ কোটি টাকা—অবসায়ের প্রাথমিক ধাপেই এই অর্থ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ ঋণই খেলাপি।
এফএএস ফাইন্যান্স খেলাপি ৯৯.৯৩%, ফারইস্ট ফাইন্যান্স ৯৮%, বিআইএফসি ৯৭.৩০%, ইন্টারন্যাশনাল লিজিং ৯৬% খেলাপি ঋণ ৩,৯৭৫ কোটি টাকা (বেশির ভাগ আদায়–অযোগ্য),
পিপলস লিজিং খেলাপি ৯৫% লোকসান ৪,৬২৮ কোটি টাকা, আভিভা ফাইন্যান্স খেলাপি ৮৩% লোকসান ৩,৮০৩ কোটি টাকা, প্রিমিয়ার লিজিং খেলাপি ৭৫%, লোকসান ৯৪১ কোটি টাকা, জিএসপি ফাইন্যান্স খেলাপি ৫৯% লোকসান ৩৩৯ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স খেলাপি ৭৮% লোকসান ৩৫১ কোটি টাকা।

এ অবস্থায় ফিন্যান্স কম্পানি আইন ২০২৩-এর ৭(১) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী আমানতকারীর স্বার্থবিরোধী কার্যক্রম, দায় পরিশোধে সম্পদের ঘাটতি এবং মূলধন সংরক্ষণে ব্যর্থতার কারণে লাইসেন্স বাতিল করা যায়। একই আইনের ৭(২) ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের আগে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দিতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২২ মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না আসায় বাংলাদেশ ব্যাংক চূড়ান্তভাবে অবসায়নের সিদ্ধান্ত নেয়।

বর্তমানে দেশে মোট ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২০টিকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই ২০ প্রতিষ্ঠানের মোট ঋণ ২৫ হাজার ৮০৮ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ২১ হাজার ৪৬২ কোটি টাকা। খেলাপির হার দাঁড়িয়েছে ৮৩.১৬ শতাংশ।

আমানতকারীর স্বার্থরক্ষা ও খাতকে শৃঙ্খলায় আনতে বাংলাদেশ ব্যাংক ৯টি সমস্যা–জর্জরিত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের পথে যাচ্ছে; ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত নিশ্চিত করতে সরকার পৃথক জোগান রাখছে।