আমেরিকায় আমদানির খরচ বেড়ে গেছে। এর ফলে ভোগ্যপণ্যের দামও ক্রমেই ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কনীতিই এর জন্য মূলত দায়ী।
গত তিন বছরে একসঙ্গে এত দ্রুত পণ্যের দাম বাড়েনি দেশটিতে। উৎপাদনকারীরা বাধ্য হয়ে গত মাসে দ্রুত ভোগ্যপণ্যের দাম বাড়িয়েছেন। এতে সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। শুল্ক বৃদ্ধির বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়েই চাপছে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, ২৮ জুলাই পর্যন্ত শুল্ক আরোপের ফলে আমেরিকায় আমদানি পণ্যের দাম গড়ে ১৮.২ শতাংশ বেড়েছে, যা ১৯৩৪ সালের পর থেকে সর্বোচ্চ। যদিও এতে সরকারের রাজস্ব আয় বেড়েছে, তবুও ক্রমবর্ধমান ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
বিশ্লেষকরা জানাচ্ছেন, শুল্ক কার্যকর হওয়ার আগেই ব্যবসায়ীরা আমদানি পণ্য মজুদ করেছেন, খরচ কমানোর আশায়। তবে দীর্ঘ মেয়াদে এভাবে ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধি ঠেকানো সম্ভব হয়নি।
শুল্ক বৃদ্ধির পরও আশানুরূপ রপ্তানি বাড়েনি আমেরিকায়। বরং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। গত জুনে আমেরিকার মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৬০.২ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, শুল্কের কারণে আমদানি ব্যয় আরও বাড়তে পারে। যদিও কিছু সময় ব্যবসায়ীদের মজুদের কারণে খুচরা পণ্যের দাম স্থিতিশীল ছিল, তবে জুন থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। জুলাইয়ে দেশটিতে মূল্যস্ফীতি দাঁড়ায় ২.৭ শতাংশ।
শুক্রবার আমেরিকার ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস জানায়, জুনে আমদানি খরচ ০.১ শতাংশ কমলেও জুলাইয়ে বেড়েছে ০.৪ শতাংশ। খাদ্য ও জ্বালানি বাদে অন্যান্য আমদানি পণ্যের দাম বেড়েছে ০.৩ শতাংশ। গাড়ি বাদে পণ্যদ্রব্যের দাম ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জুলাইয়ে আমদানি জ্বালানি তেলের দাম বেড়েছে ২.৭ শতাংশ, যেখানে জুনে তা ছিল ০.৮ শতাংশ। তবে খাদ্যপণ্যের দাম জুলাইয়ে ০.১ শতাংশ কমেছে, জুনে যা কমেছিল ১.৩ শতাংশ। হোম অ্যাপ্লায়েন্স, কম্পিউটার, খেলার সরঞ্জাম, বই ও খেলনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
শুল্কনীতির প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। বিভিন্ন প্রতিষ্ঠান নতুন নিয়োগ কমিয়ে দিয়েছে। ফলে চাকরির বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সীমিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যনীতির অনিশ্চয়তার কারণে প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও পরিকল্পনায় পিছিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, শুল্কনীতি আমেরিকা সরকারের রাজস্ব আয় বাড়ালেও আমদানিনির্ভর বাজারে ভোক্তাদের জন্য ব্যয়বৃদ্ধি ও জীবনযাত্রার কষ্ট বাড়াচ্ছে। একই সঙ্গে বাণিজ্য ঘাটতি কমার বদলে বেড়েছে, যা দেশটির সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।
অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তবে আমদানি ব্যয় ও ভোক্তা পর্যায়ের মুদ্রাস্ফীতি উভয়ই আরও বেড়ে যেতে পারে।




