ভারত ও চীনে বাড়তি আমদানি শুল্ক কার্যকর হওয়ার পর আমেরিকার ক্রেতারা বিকল্প সরবরাহকারী দেশের সন্ধান শুরু করেছেন। এ সুযোগে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নতুন করে আন্তর্জাতিক ক্রেতাদের নজর কাড়ছে। গত দুই সপ্তাহেই বেশ কয়েকটি শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে অতিরিক্ত ক্রয়াদেশ দিয়েছে, যার বড় অংশই সরাসরি ভারত ও চীন থেকে সরানো অর্ডার।
শুধু ক্রেতাই নয়, ভারতের বড় রপ্তানিকারকরাও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে বাংলাদেশের শীর্ষ পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে আগ্রহ দেখাচ্ছে। একই সঙ্গে চীনা বিনিয়োগকারীরাও সরাসরি কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইতিমধ্যে হান্ডা গার্মেন্টস কোম্পানি ও খাইশি গ্রুপ চট্টগ্রামের মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৮ কোটি ডলার বিনিয়োগে কারখানা গড়তে চুক্তি করেছে।
বাংলাদেশ বর্তমানে আমেরিকার অন্যতম বড় পোশাক সরবরাহকারী দেশ। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পোশাকে শুল্ক ২০ শতাংশ নির্ধারণ করেছেন, যেখানে চীনা পণ্যে শুল্ক ৩০ শতাংশ এবং ভারতীয় পণ্যে ২৫ শতাংশ। পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে ভারতের ওপর আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সব উৎপাদনকারী দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে আমেরিকা। ক্রেতারা ভোক্তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে অর্ডার বাড়ানোর সিদ্ধান্ত নেবে।
দেশের একটি শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, এক আমেরিকান ক্রেতা গত বছর ৭ লাইনের সমপরিমাণ কাজ দিলেও এবার ১৭ লাইনের অর্ডার দিতে চাইছে। আরেক ক্রেতা ২০ লাইন থেকে বাড়িয়ে আরও ১০-১৫ লাইনের প্রস্তাব দিয়েছে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, প্রতিযোগীদের তুলনায় কম শুল্কের সুবিধা কাজে লাগাতে হলে ব্যাংক সহায়তা, স্থিতিশীল বিদ্যুৎ-গ্যাস সরবরাহ এবং কাস্টমস প্রক্রিয়া সহজ করাই সাফল্যের মূল চাবিকাঠি হবে।
২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত বেপজা ৩৪টি চীনা বিনিয়োগ প্রস্তাব পেয়েছে, যার মধ্যে আটটি ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। এসব বিনিয়োগে পোশাকের পাশাপাশি ব্যাগ ও হালকা প্রকৌশল পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।




