বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

২০ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে ‘নতুন কুঁড়ি’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দুই দশক পর ফের শুরু হচ্ছে বাংলাদেশের শিশু-কিশোরদের জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। দীর্ঘ ২০ বছরের বিরতির পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় আবারও দেখা যাবে এই আয়োজন, যা একসময় অসংখ্য প্রতিভাবান শিল্পীর ক্যারিয়ারের সূচনা করেছে।

বিটিভি মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ঘোষণা করে, যা দর্শক এবং সাবস্ক্রাইবারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৮ সালে প্রথম সম্প্রচার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। গান, আবৃত্তি, অভিনয়, নাচসহ নানা বিষয়ে প্রতিযোগিতা করে ছোটরা নিজেদের প্রতিভা তুলে ধরত এই মঞ্চে। বছরের পর বছর অনুষ্ঠানটি শিশু ও কিশোরদের স্বপ্ন পূরণের মঞ্চে পরিণত হয় এবং অসংখ্য প্রতিভাবান শিল্পীকে পরিচিতি দেয়।

এই মঞ্চ থেকে উঠে আসা উল্লেখযোগ্য প্রতিভাগুলো হল—অভিনেত্রী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম, আজাদ রহমান শাকিল, গায়িকা সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনী। চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সঙ্গীতজগতে এই শিল্পীরা নিজেদের অনন্য ছাপ রেখেছেন।

বিটিভি জানিয়েছে, আগামী ১৫ আগস্ট থেকে অনলাইনে ‘নতুন কুঁড়ি’র রেজিস্ট্রেশন শুরু হবে। দেশকে প্রায় ২০টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্বাচিত প্রতিযোগীরা মূল পর্বে অংশ নেবেন। প্রতিযোগিতা হবে দুটি শাখায়—ক শাখা: ৬–১০ বছর; খ শাখা: ১১–১৫ বছর।

শাখাগুলোতে একক ও দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, গল্প বলা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত পর্ব ও ফাইনাল ঢাকায় ২–৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিটিভি জানিয়েছে, এবার ‘নতুন কুঁড়ি’ আয়োজন হবে আরও আধুনিক ফরম্যাটে। থাকবে নতুন সেট, উন্নত প্রযুক্তি এবং সারা দেশের শিশুদের জন্য উন্মুক্ত নিবন্ধন প্রক্রিয়া। প্রতিযোগিতা হবে ধাপে ধাপে—প্রাথমিক বাছাই, অঞ্চলভিত্তিক পর্ব, জাতীয় পর্ব এবং গ্র্যান্ড ফাইনাল।

তরুণ প্রজন্মের কাছে অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করতে সংযোজন করা হচ্ছে রিয়েলিটি শো’র উপাদান, লাইভ পারফরম্যান্স, অনলাইন ভোটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের অংশগ্রহণের সুযোগ। আয়োজকদের আশা, এই উদ্যোগ দেশের শিশু-কিশোরদের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ ও চর্চা বৃদ্ধি করবে।

‘নতুন কুঁড়ি’ ফেরার খবর প্রকাশের পর বিনোদন অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। দর্শকরা মনে করছেন, নতুন প্রজন্মের জন্য এটি হবে প্রতিভা বিকাশ এবং জাতীয় মঞ্চে পরিচিতি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ।

দীর্ঘ ২০ বছরের বিরতির পর ‘নতুন কুঁড়ি’র প্রত্যাবর্তন ভক্ত এবং সংস্কৃতি-প্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি করেছে। এই আয়োজন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা আবিষ্কার করে বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে। বিটিভি এই ক্লাসিক রিয়েলিটি শোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে।