শুক্রবার

,

১১ই সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে স্বেচ্ছাসেবী নেবে ফিফা, আবেদন করতে পারবেন আপনিও

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি, যেখানে ৪৮ দল অংশ নেবে।

ফিফা সূত্রে জানা গেছে, আসন্ন বিশ্বকাপে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। তারা ১৬টি শহরে স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ ২৩টি কার্যক্রমে সহায়তা করবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি, আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন।”

স্বেচ্ছাসেবী হতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং আয়োজক দেশে কাজ করার যোগ্যতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা আবশ্যক। পাশাপাশি মেক্সিকোর জন্য স্প্যানিশ ও কানাডার জন্য ফরাসি ভাষাজ্ঞানের প্রতি অগ্রাধিকার দেওয়া হবে। অতিরিক্ত ভাষা জানলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের সময়সীমা চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নির্দিষ্ট শেষ তারিখ এখনো ঘোষণা করেনি ফিফা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত আটটি শিফটে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

আগ্রহীরা আবেদন করতে পারবেন এই লিংকে: fifaworldcup.com/volunteers