বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জীবনের নানা অধ্যায় ও সংগীত ভুবনে তাঁর অবদানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘জুঁই ফুল : সাবিনা ইয়াসমিন’। জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মিত এ তথ্যচিত্রে ফুটে উঠেছে শিল্পীর দীর্ঘ ক্যারিয়ার, সাফল্য, সংগ্রাম এবং বাংলা চলচ্চিত্রের সংগীতকে সর্বজনীন জনপ্রিয়তায় পৌঁছে দেওয়ার গল্প।
প্রামাণ্যচিত্রটি এগিয়েছে দীর্ঘ সাক্ষাৎকার, ঐতিহাসিক ছবি ও ভিডিও, গানের পরিবেশনা এবং শিল্পীর ব্যক্তিগত স্মৃতিচারণার মাধ্যমে। শাইখ সিরাজ তিন ধাপে—সাবিনা ইয়াসমিনের বাসায়, একটি রিসোর্টে এবং চ্যানেল আইয়ের স্টুডিওতে—শিল্পীর সাক্ষাৎকার নেন। সমান্তরাল সম্পাদনায় তিনটি ভিন্ন পরিবেশেই ধরা পড়েছে তাঁর শিল্পীজীবনের হাসি, আবেগ, অজানা অধ্যায় ও স্মৃতির খনি।
নতুন প্রজন্মের সাত গায়ক-গায়িকা—দিলশাদ নাহার কনা, সানিয়া সুলতানা লিজা, সোমনুর মনির কোনাল, ইমরান মাহমুদুল, ঝিলিক, রাকিবা ঐশী ও আতিয়া আনিসা—গেয়েছেন সাবিনা ইয়াসমিনের সাড়ে ১৫ হাজার গানের ভাণ্ডার থেকে বাছাই করা ১২টি প্রিয় গান। প্রতিটি গানের সঙ্গে জড়িয়ে থাকা মজার ও আবেগঘন প্রেক্ষাপট নিজেই তুলে ধরেছেন কিংবদন্তি এই শিল্পী।
তথ্যচিত্রে উঠে এসেছে বহু অজানা তথ্য—প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন, কিভাবে মাত্র ১২ বছর বয়সে আলতাফ মাহমুদের হাত ধরে চলচ্চিত্রে গাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং দিলশাদ ইয়াসমিন থেকে কিভাবে হয়ে উঠেছিলেন বাংলার প্রিয়তম কণ্ঠস্বর।
সাবিনা ইয়াসমিন নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই সময়ের স্মৃতি, সাফল্য ও সংগ্রামের অভিজ্ঞতা। দর্শকরা পাবেন এক বিরল সুযোগ—বাংলা গানের ইতিহাস ও আবেগের ভেতর দিয়ে কিংবদন্তি শিল্পীর জীবনকথা জানার।
প্রামাণ্যচিত্র ‘জুঁই ফুল : সাবিনা ইয়াসমিন’ প্রচারিত হবে আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে, চ্যানেল আইতে।




