শুক্রবার

,

১১ই সেপ্টেম্বর, ২০২৬

আমেরিকা-চীনের নতুন শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে উত্তেজনা প্রশমনে আমেরিকা ও চীন নতুন করে একে অপরের পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আরও ৯০ দিনের জন্য স্থগিত করেছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১১ আগস্ট) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দেন, চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক বৃদ্ধির পরিকল্পনা স্থগিত থাকবে। তবে বিদ্যমান ৩০ শতাংশ শুল্ক এবং চীনের ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। অন্যদিকে, মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আমেরিকার পণ্যের ওপর সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত কার্যকর হবে না।

মূলত মঙ্গলবার রাত ১২টা ০১ মিনিটে শেষ হওয়ার কথা ছিল বেইজিং-ওয়াশিংটনের পূর্ববর্তী শুল্ক চুক্তির মেয়াদ। তবে উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, বাণিজ্য পারস্পরিকতার অভাব ও অর্থনৈতিক নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় আলোচনা চলমান থাকবে।

এই সিদ্ধান্তে দুই দেশের ব্যবসায়িক মহলে স্বস্তি ফিরে এসেছে। চীনের রোবোটিক্স কোম্পানির কর্মকর্তা ওয়াং মিংগুয়ে বলেন, “চীন ও আমেরিকা উভয়ই সম্পর্কের উন্নতি চায়, তবে ঝুঁকি এখনও রয়েছে।”

গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম দফা আলোচনার পর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত হয়। এরপর জুলাইয়ের শেষ দিকে সুইডেনের স্টকহোমে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হয়। আমেরিকার আলোচকদের সুপারিশে ট্রাম্প নতুন সময়সীমা অনুমোদন করেন।

ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন, উভয়পক্ষ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে এবং চুক্তি হলে তিনি বছরের শেষের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। তবে তিনি চীনের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক শিথিলের প্রস্তাব নাকচ করেছেন।

সর্বশেষ বাণিজ্য তথ্য অনুযায়ী, গত মাসে আমেরিকায় চীনের রপ্তানি বছরে ২১.৭ শতাংশ কমেছে, তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানি ১৬.৬ শতাংশ বেড়েছে। আমেরিকার তথ্য অনুযায়ী, জুন মাসে চীনের সাথে বাণিজ্য ঘাটতি ২১ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে।