বৃহস্পতিবার

,

১১ই জুন, ২০২৬

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। রানার্স-আপ আট দলের মধ্যে তৃতীয় স্থানে থেকে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল আসরে খেলবে লাল-সবুজের তরুণীরা।

শনিবার দুপুরে লাওসের ভিয়েন্তিয়ানে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এতে তাদের মূল পর্বে খেলার স্বপ্ন কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। তবে আট গ্রুপের রানার্স-আপদের মধ্যে সেরা তিনে থাকতে পারলেই মূল পর্বের টিকিট মিলত বাংলাদেশের হাতে।

দিনের শেষ ভাগে ‘ই’ গ্রুপের ম্যাচে চীন ৮-০ গোলে লেবাননকে হারালে গোল গড়ে বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত হয়। পয়েন্ট সমান ৬ হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে সেরা তিন রানার্স-আপের তালিকায় জায়গা করে নেয় তারা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ গোলে উড়িয়ে দেয় তারা। তিন ম্যাচে দুই জয় ও এক হার থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় মেয়ে ফুটবলাররা।

আগামী বছরের থাইল্যান্ডের আসর হবে লাল-সবুজের মেয়েদের জন্য প্রথম এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বের অভিজ্ঞতা, যা দেশের নারী ফুটবলের আরেকটি বড় অর্জন হিসেবে ইতিহাসে স্থান পাবে।