বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জুলাই বিপ্লব স্মরণে আমিরাতে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট পালন করেছে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’।

শনিবার (২ আগস্ট) রাত ৯টায় কনস্যুলেটের হলরুমে আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন শ্রম সচিব মোহাম্মদ আবদুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। এই বিপ্লবকে স্মরণ করে প্রবাসী শ্রমিকদের ত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই আয়োজন করা হয়েছে রেমিট্যান্স যোদ্ধা দিবস। বক্তারা অভিযোগ করেন, এখনও প্রবাসীরা ভিসা জটিলতা, টিকিটের উচ্চমূল্য, মূল্যায়নের অভাবসহ নানা সমস্যার মুখে রয়েছেন। সরকার এসব সমস্যার বাস্তব সমাধানের পরিবর্তে নানা ‘প্রতিশ্রুতি’র মাধ্যমে তাদের অবদানকে অবহেলা করছে।

আলোচনায় বলা হয়, দেশের ইন্টারনেটবিহীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিয়ে রেমিট্যান্স যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেমিট্যান্স শাটডাউন, কর্মবিরতি ও সচেতনতা ছড়িয়ে প্রবাসীরা আন্দোলনকে বেগবান করেছেন। এই প্রক্রিয়ায় প্রবাসীদের যে আর্থিক ও পেশাগত ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।

অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র, স্থিরচিত্র, গ্রাফিতি ও বিপ্লবকালীন সময়ের আত্মোৎসর্গকারী প্রবাসীদের নামের তালিকাও প্রদর্শন করা হয়। বক্তারা স্মরণ করিয়ে দেন, আমিরাত একটি আইনশৃঙ্খলাপূর্ণ দেশ, সেহেতু ভবিষ্যতে যেন কোনো প্রবাসী কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে না জড়ান।

দোয়ামোনাজাতের মাধ্যমে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। শ্রমিকদের অনুরোধে কনসাল জেনারেল রাশেদুজ্জামান অনুষ্ঠানে অংশগ্রহণকারী শ্রমিকদের নিয়ে স্থিরচিত্র ধারণ করেন এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে তাদের উৎসাহিত করেন।