শনিবার

,

১১ই এপ্রিল, ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪ লাখের বেশি প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চার লাখের বেশি প্রবাসী ভোটার ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টা পর্যন্ত ৪ লাখ ৫ হাজার ১৬৪ জন প্রবাসী ভোট দেন বলে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৯৯৩ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৯ হাজার ৩৮৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। কমিশন মোট ৬ লাখ ৮৩ হাজার ১২২ প্রবাসীর কাছে ব্যালট পাঠিয়েছে। সোমবার দুপুর দেড়টা পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ৩২৬ জন প্রবাসী পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।

প্রবাসীদের যত দ্রুত সম্ভব ভোট দিয়ে কাছের পোস্ট অফিসে পাঠাতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো ব্যালটই কেবল ভোট গণনায় যুক্ত হবে।

দেশে ও দেশের বাইরে থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন পোস্টাল ব্যালট গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এরা হলেন নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।

এভাবে প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের অংশগ্রহণে আসন্ন নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।