নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপালি বংশোদ্ভূত আমেরিকান সোমনাথ ঘিমিরে। কুইন্সের গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট–৩০ থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে তিনি লড়ছেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান পদে। আগামী ২৩ জুন ২০২৬ প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে। এর আগে আগাম ভোটগ্রহণ শুরু হবে ১৩ জুন এবং চলবে ২১ জুন পর্যন্ত।
ডিস্ট্রিক্ট–৩০-এর আওতায় রয়েছে কুইন্সের উডসাইড, জ্যাকসন হাইটস, এলমহার্স্ট, মাসপেথ ও মিডল ভিলেজ এলাকা। বহুজাতিক ও বহুসাংস্কৃতিক এই অঞ্চলে ইতোমধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন সোমনাথ ঘিমিরে। তিনি আরও শক্তিশালী, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক কুইন্স গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন।
নিজের প্রচারণা সম্পর্কে সোমনাথ ঘিমিরে বলেন, “আমি সপ্তাহের পর সপ্তাহ ধরে বন্ধু, প্রতিবেশী, সিনিয়র সিটিজেন ও তরুণদের সঙ্গে দেখা করে যাচ্ছি। আমরা কীভাবে একসঙ্গে আরও ভালো কমিউনিটি গড়ে তুলতে পারি, সে বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করছি”। তিনি আরও বলেন, “আমার বিশ্বাস—বৈচিত্র্যের মধে ঐক্যই শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে।”
তার নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে সাশ্রয়ী আবাসন, শক্তিশালী পাবলিক স্কুল ব্যবস্থা, শ্রমিকদের অধিকার ও সুরক্ষা, ক্ষুদ্র ব্যবসার বিকাশ এবং ডিস্ট্রিক্ট–৩০-এর সব বাসিন্দার জন্য অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব। তিনি বিশেষভাবে অভিবাসী পরিবারগুলোর অধিকার রক্ষায় সোচ্চার থাকার অঙ্গীকার করেছেন।
উডসাইড, কুইন্সের বাসিন্দা সোমনাথ ঘিমিরে ১৯৯৬ সাল থেকে এই এলাকায় বসবাস করছেন। গত দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নেপালি আমেরিকান ও দক্ষিণ এশীয় কমিউনিটির একজন সক্রিয় সংগঠক ও নেতা হিসেবে কাজ করছেন। শ্রমিক ও অভিবাসীদের সহায়তায় তার ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়া তিনি ২০২০ সালের যুক্তরাষ্ট্রের আদমশুমারিতে ফিল্ড সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মানবাধিকার সংগঠন ইনহার্ড (INHURED) ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করতে গিয়ে বিশ্বের ২২টি দেশে সফর করেছেন।
তিনি বলেন, “জনসেবা মানে শুধু কথা বলা নয়—মানুষের কথা শোনা, পাশে দাঁড়ানো এবং তাদের পক্ষে কথা বলা। আমি ডিস্ট্রিক্ট–৩০-এর মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব।”
আসন্ন প্রাইমারি নির্বাচনের জন্য তিনি তহবিল সংগ্রহ কার্যক্রমও চালাচ্ছেন। ভোটারদের কাছে পৌঁছানো এবং কমিউনিটিকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। তার ভাষায়, “প্রতিটি অনুদান গুরুত্বপূর্ণ।”

সোমনাথ ঘিমিরের নির্বাচনী প্রচারণায় অনুদান দিতে অনলাইন লিংকের মাধ্যমে সহায়তা করা যাবে:
👉 https://secure.actblue.com/donate/somnath-ghimire-for-assembly
ডেমোক্রেটিক প্রার্থী সোমনাথ ঘিমিরে বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডিস্ট্রিক্ট–৩০-এর প্রতিটি পরিবারকে এগিয়ে যাওয়ার সমান সুযোগ তৈরি করা সম্ভব।



